TMC Leader Viral Video : ‘গণনার পরই বিরোধীদের উপর…’ প্রকাশ্যে ‘হুমকি’ দিয়ে জেলে তৃণমূল নেতা
প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। গ্রেফতার ক্যানিং পূর্বের দাপুটে তৃণমূল নেতা আজিজুল মোল্লা। দক্ষিণ ২৪ পরগনার দেউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি। ইতিমধ্যেই তৃণমূল নেতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে তাঁকে আঙুল উঁচিয়ে বলতে শোনা যায়, “গণনার পর বিরোধীদের উপর স্টিম রোলার চালানো হবে। খোলা আকাশের নিচে হুমকি দিয়ে যাচ্ছি।” প্রকাশ্যে প্রচার সভায় তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এর আগেও একাধিবার এধরনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই অ্যাকশনে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এরকম কেউ প্রকাশ্যে হুমকি দিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কমিশন।