ECI Order on Security: রাত অবধি ছিল ডেডলাইন, দাগী নেতাদের নিরাপত্তার কী উঠল? আজই কমিশনকে জানাতে হবে স্টেটাস

কলকাতা: ভোটমুখী বঙ্গে আরও কড়া নির্বাচন কমিশন। দাগী নেতাদের আর দেওয়া হবে না নিরাপত্তা (Security Withdrawal )। এই নির্দেশ বৃহস্পতিবারই দিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। আজ, শুক্রবার সেই নির্দেশ কার্যকর হয়েছে কি না, তার স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
সম্প্রতি এক নির্দেশে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র, পুলিশ জেলা ও কমিশনারেট ভিত্তিতে যে ব্যক্তি নিরাপত্তা পাচ্ছেন, তাদের নাম ও পদবী সহ পূর্ণ তালিকা চাওয়া চেয়েছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে নির্দেশ দেওয়া হয় যে যেসব ব্যক্তি ফৌজদারি মামলায় অভিযুক্ত, জামিনে মুক্ত বা প্যারোলে রয়েছেন, যাদের অপরাধমূলক অতীত রয়েছে এবং শুধুমাত্র পদমর্যাদা বা তথাকথিত হুমকির ভিত্তিতে নিরাপত্তা পাচ্ছেন, তাদের নিরাপত্তা ২ এপ্রিলের রাতের মধ্যেই প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কমিশন।
সেই নির্দেশ পালন করা হয়েছে কি না, তার স্টেটাস রিপোর্টই চাওয়া হয়েছে। আজ স্টেট পুলিশ নোডাল অফিসারদের দুপুর ১২টার মধ্যে আপডেট স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কমিশনের এই নির্দেশের ফলে অনুব্রত মন্ডলের মতো দাপুটে নেতাদের নিরাপত্তা আপাতত প্রত্যাহার করা হবে।
পাশাপাশি, জামিনঅযোগ্য মামলায় অভিযুক্ত ব্যক্তি, যাঁরা এখনও গ্রেফতার হননি, তাঁদেরও নিরাপত্তা প্রত্যাহার করতে এবং আগামী ১০ দিনের মধ্যে গ্রেফতার করারও নির্দেশ দিয়েছে কমিশন।
এর আগে চলতি সপ্তাহেরশুরুতেই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে থানার ওসি বা এসএইচও-দের মাধ্যমে সব বিধানসভা কেন্দ্রে সেই এলাকাগুলি চিহ্নিত করতে হবে যেখানে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি চিহ্নিত করতে হবে সেই সব দুষ্কৃতীদেরও, যারা গত নির্বাচনে কোনও অপরাধে জড়িত ছিল।