Malda Kaliachak Judge Attack: ‘আমার সন্তানকে বাঁচান’, বিচারকের কাতর আর্তি, হাড়হিম করা অডিয়ো ভাইরাল - 24 Ghanta Bangla News
Home

Malda Kaliachak Judge Attack: ‘আমার সন্তানকে বাঁচান’, বিচারকের কাতর আর্তি, হাড়হিম করা অডিয়ো ভাইরাল

মালদহ: বুধবার মালদহের কালিয়াচকে যা ঘটেছে, তা কার্যত নজিরবিহীন। মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয়েছিল সাত বিচারককে। এমনকী সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ও হামলার মুখে পড়তে হয় তাঁদের। এবার প্রকাশ্যে এল একটি অডিয়ো। বিচারকের মুখে শোনা যাচ্ছে কাতর আর্তি। কন্ঠস্বরে রীতিমতো আতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অডিয়ো। অডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

অডিয়োতে শোনা যাচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছেন ওই মহিলা বিচারক। সন্তানের জন্যও আশঙ্কা প্রকাশ করছেন তিনি। বলছেন, “আমার পাইলট কার নেই। দুর্ঘটনায় পড়েছে পাইলট কার। আমি একা একা যাচ্ছি। ওরা ইট-বাঁশ নিয়ে আসছে। আমার কিছু হয়ে গেলে, হাইকোর্ট যেন আমার সন্তানকে দেখে।”

এসআইআর-এ নাম বাদ পড়ার অভিযোগ তুলে বিক্ষোভ চলছে মালদহের একাধিক জায়গায়। বুধবার সন্ধ্যার পর থেকে কার্যত অবরুদ্ধে হয়ে যায় গোটা মালদহ। জাতীয় সড়কে দাঁড় করিয়ে দেওয়া হয় পরপর লরি। জায়গায় জায়গায় পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। তবে বৃহস্পতিবার সকালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। কোথাও রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ, কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। তবে বিচারকের যে আর্ত কন্ঠস্বর শোনা যাচ্ছে, তা রীতিমতো উদ্বেগজনক।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মালদহের ঘটনা নিয়ে কড়া বার্তা দেওয়া হয় রাজ্য সরকারকে। স্বরাষ্ট্রসচিব ও ডিজিপি-র কাছে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতি প্রসঙ্গে সিনিয়র আইনজীবী তথা বর্ষীয়ান বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “রাজ্যের বিভিন্ন জেলার বিচারকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *