NASA Artemis Rocket Launch : ৫০ বছর পর চাঁদের পথে মানুষ, চার মহাকাশচারীকে নিয়ে পাড়ি নাসার মহাকাশযানের - 24 Ghanta Bangla News
Home

NASA Artemis Rocket Launch : ৫০ বছর পর চাঁদের পথে মানুষ, চার মহাকাশচারীকে নিয়ে পাড়ি নাসার মহাকাশযানের

NASA Artemis Rocket Launch : ৫০ বছর পর চাঁদের পথে মানুষ, চার মহাকাশচারীকে নিয়ে পাড়ি নাসার মহাকাশযানের

ওয়াশিংটন : মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন মাইলফলক গড়ার পথে নাসা। ৫০ বছর পর ফের চাঁদে পা দিতে চলেছে মানুষ। বুধবারই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে নাসার মহাকাশযান। মিশনের নাম দেওয়া হয়েছে ‘আর্টেমিস ২’। বুধবার সন্ধে ৬ টা ২৪ মিনিট থেকে ৮টা২৪ মিনিটের (ইস্টার্ন টাইম) মধ্যে কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রওনা দেয় ওরিয়ন মহাকাশ যানটি। ৩২২ ফুট উচ্চতার শক্তিশালী রকেট ‘স্পেস লঞ্চ সিস্টেম’ মহাকাশযানটি উৎক্ষেপণে সাহায্য করে।

মোট চারজন মহাকাশচারী নিয়ে চাঁদের পথে পাড়ি দিয়েছে নাসার মহাকাশ যানটি। মিশনের চার সদস্য হলেন কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন। যদিও মহাকাশযানটি চাঁদে পাড়ি দিলেও মহাকাশচারীরা চাঁদের মাটিতে পা দেবেন না। চাঁদের কাছাকাছি গিয়ে হাজার মাইল দূর থেকে ঘুরে আসবেন। প্রায় ১০ দিনের অভিযান। এই নির্দিষ্ট সময়ে চাঁদের চারপাশে ঘুরে তাঁরা পৃথিবীতে ফিরে আসবেন বলে জানা গিয়েছে। এই চার মহাকাশচারীরা বেশ কয়েকটি জিনিস নিয়ে চাঁদে গিয়েছেন। ভিক্টর গ্লোভার সঙ্গে নিয়েছেন বাইবেল। জেরেমি হ্যানসেনের সঙ্গে পরিবারের পেনডেন্ট, রিড উউজম্যানের সঙ্গে নোটপ্যাড ও পেন্সিল এবং ক্রিস্টিনা কচের সঙ্গে প্রিয়জনদের হাতে লেখা বার্তা রয়েছে।

মহাকাশচারীরা চাঁদে পা না দিলেও এই অভিযানের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। ওরিয়ান মহাকাশযানের ‘লাইফ সাপোর্ট সিস্টেম’ পরীক্ষা করে দেখবেন মহাকাশচারীরা। ভবিষ্যতে চাঁদে মহাকাশযান অবতরণের প্রস্তুতি নেওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন মহাকাশচারীরা। একইসঙ্গে মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর ক্ষেত্রে সুবিধা-অসুবিধাগুলিও পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

নাসা জানিয়েছে, ২০২৮ সালের মধ্যেই মানুষকে আবার চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই কাজে সহায়তা করবে কয়েকটি বেসরকারি সংস্থা যেমন, স্পেশ এক্স ও ব্লু অরিজিন। উল্লেখ্য, শেষবার ১৯৭২ সালে পা রেখেছিলেন মার্কিন মহাকাশচারী। চাঁদে যাওয়ার জন্য নাসার ওই প্রকল্পের নাম ছিল অ্যাপোলো। আবার ৫০ বছর পর মানুষকে চাঁদে পাঠাল নাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *