অফিস লাঞ্চে বানিয়ে নিন দারুণ স্বাদের ‘ওয়ান পট’ মেক্সিকান রাইস - 24 Ghanta Bangla News
Home

অফিস লাঞ্চে বানিয়ে নিন দারুণ স্বাদের ‘ওয়ান পট’ মেক্সিকান রাইস

Spread the love

অফিস লাঞ্চে বানিয়ে নিন দারুণ স্বাদের ‘ওয়ান পট’ মেক্সিকান রাইস

সারা সপ্তাহের কাজের চাপে অনেক সময় নিজের খাওয়া-দাওয়ার দিকে নজর দেওয়ার সময়ই হয় না অনেকের। বিশেষ করে অফিসের লাঞ্চে রোজ সেই একঘেয়ে খাবার খেতে কারই বা ভালো লাগে? তাই ছুটির দিনে যদি একটু বুদ্ধি খাটিয়ে রান্না করে রাখতে পারেন, তবে গোটা সপ্তাহটা বেশ নিশ্চিন্তে কাটবে। আর এই মুশকিল আসান করতে পারে ‘মেক্সিকান ফিয়েস্তা রাইস’। একটি মাত্র পাত্রেই তৈরি হয়ে যায় এই পদ, তাই বাসন মাজার ঝক্কিও নেই আর স্বাদও একেবারে রেস্তোরাঁর মতো।

কেন এই রেসিপি সেরা?

এই রান্নার সবচেয়ে বড় গুণ হল এর পুষ্টিগুণ এবং এই খাবার সহজে নষ্ট হয়ে যায় না। ফ্রিজে রাখলে প্রায় ৪ দিন পর্যন্ত এটি একদম ঠিক থাকে। অফিসের জন্য ঝটপট কন্টেনারে ভরে নিয়ে বেরিয়ে যাওয়া যায় এবং ওভেনে গরম করে নিলেই মনে হবে একদম টাটকা রান্না।

  • উপকরণ যা যা লাগবে:
  • বাসমতি চাল (১ কাপ – ২০ মিনিট ভেজানো)
  • রসুন কুচি (৩-৪ কোয়া) ও ছোট পেঁয়াজ কুচি (১টি)
  • ক্যাপসিকাম ও ভুট্টার দানা (আধ কাপ করে)
  • সেদ্ধ করা রাজমা বা ব্ল্যাক বিনস (আধ কাপ)
  • টমেটো পিউরি (১ কাপ)
  • সবজি সেদ্ধ জল বা ভেজিটেবল স্টক (দেড় কাপ)
  • জিরো গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ওরিগানো
  • লেবুর রস ও ধনেপাতা কুচি
  • পরিমাণমতো নুন ও তেল

প্রথমে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। একটি কড়াই বা পাত্রে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে ২০ সেকেন্ড নাড়াচাড়া করুন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে ক্যাপসিকাম, ভুট্টা এবং রাজমা মিশিয়ে মিনিট দুয়েক ভাজতে হবে। সবজির রঙ যখন উজ্জ্বল হয়ে আসবে, তখন জল ঝরানো চাল দিয়ে দিন। চালটা হালকা ভাজা হলে এক অদ্ভুত সুন্দর গন্ধ বেরোবে।

এবার এতে টমেটো পিউরি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে গরম করে রাখা ভেজিটেবল স্টক বা জল ঢেলে দিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না হতে দিন। জল শুকিয়ে চাল সেদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে আরও ৫ মিনিট দমে রাখুন।
সবশেষে ওপর থেকে লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আপনার মেক্সিকান ফিয়েস্তা রাইস। পরিবেশনের সময় চাইলে সামান্য চিজ বা টক দই মিশিয়ে নিতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *