প্রেমিকা সহ সব প্রাক্তন বউকে এক ছাদের তলায় ডাকলেন আমির খান! - 24 Ghanta Bangla News
Home

প্রেমিকা সহ সব প্রাক্তন বউকে এক ছাদের তলায় ডাকলেন আমির খান!

Spread the love

প্রেমিকা সহ সব প্রাক্তন বউকে এক ছাদের তলায় ডাকলেন আমির খান!

বলিউডে সম্পর্ক ভাঙার গল্প নতুন নয়, কিন্তু বিচ্ছেদের পরেও কীভাবে ‘পরিবার’ হয়ে থাকা যায়, তা আমির খানের চেয়ে ভালো বোধহয় আর কেউ জানে না। ১৪ মার্চ ৬১ বছরে পা দিলেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। আর এই বিশেষ দিনটি তিনি উদ্‌যাপন করলেন একেবারেই অন্য মেজাজে। মুম্বইয়ের বাড়িতে বসেছিল চাঁদের হাট, যেখানে একই ছাদের তলায় দেখা গেল আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকে। শুধু তাই নয়, উপস্থিত ছিলেন অভিনেতার বর্তমান চর্চিত প্রেমিকা গৌরী স্প্র্যাটও।

 

সোশ্যাল মিডিয়ায় এই বার্থডে সেলিব্রেশনের একটি ভিডিয়ো বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। আর হবেই বা না কেন! ভিডিয়োতে দেখা গিয়েছে, জন্মদিনের কেক কাটার সময় আমিরের পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন তাঁর সন্তান জুনায়েদ, ইরা ও আজাদ। কেক কাটার পর আমির প্রথম টুকরোটি খাইয়ে দেন ছোট ছেলে আজাদকে। এরপর মেয়ে ইরা এবং তারপর বিশেষ বান্ধবী গৌরীর মুখে কেক তুলে দিতে দেখা যায় তাঁকে। এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়োটি শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। ইরফান আমিরের জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে ইরা খানের কাজেরও প্রশংসা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Irfan Pathan (@irfanpathan_official)

এমনিতে আমির খান মানেই বড় আয়োজন, কিন্তু এবারের জন্মদিনটা একটু অন্যরকম ছিল। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, বর্তমানে আমির তাঁর ছেলে জুনায়েদ খানের আসন্ন সিনেমা ‘এক দিন’-এর পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। আগামী ১ মে মুক্তি পেতে চলা এই ছবিটির খুঁটিনাটি খতিয়ে দেখতেই রাতদিন এক করে দিচ্ছেন তিনি। আর সেই কারণেই কোনও বিশাল পার্টি না করে পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে সময় কাটালেন অভিনেতা।

পার্টি শেষে যখন অতিথিরা একে একে ফিরছিলেন, তখন লেন্সবন্দি হন আমির ও গৌরী স্প্র্যাট। দুজনে হাসিমুখে ক্যামেরার সামনে পোজও দেন। এছাড়া দেখা গিয়েছে রিনা দত্ত ও জুনায়েদকেও। আমিরের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা।

অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও প্রযোজক হিসেবে এখন বেশ ব্যস্ত আমির। ১ মে জুনায়েদ ও সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ মুক্তির পর, ১৩ আগস্ট বড়পর্দায় আসবে তাঁর প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’। কাজের চাপে জন্মদিনের হইচই কম হলেও, আমিরের জীবনের এই ‘পারফেক্ট’ ফ্যামিলি বন্ডিং নেটপাড়ার মন জিতে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *