Farooq Abdullah : বিয়ে বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে লক্ষ্য করে ‘গুলি’, ‘২০ বছর ধরে হত্যার চেষ্টা করছি’, দাবি অভিযুক্তর - 24 Ghanta Bangla News
Home

Farooq Abdullah : বিয়ে বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে লক্ষ্য করে ‘গুলি’, ‘২০ বছর ধরে হত্যার চেষ্টা করছি’, দাবি অভিযুক্তর

Spread the love

Farooq Abdullah : বিয়ে বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে লক্ষ্য করে ‘গুলি’, ‘২০ বছর ধরে হত্যার চেষ্টা করছি’, দাবি অভিযুক্তর

শ্রীনগর : জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে গুলি করে খুনের চেষ্টা। NSG নিরাপত্তা পেরিয়ে তাঁকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ওই অভিযুক্তের দাবি, ২০ বছর ধরে তিনি ফারুখ আবদুল্লাকে হত্যার চেষ্টা করে আসছেন। এদিকে, এত কড়া নিরাপত্তা ভেদ করে কীভাবে বাবার কাছে পৌঁছে গেল হামলকারী, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

জানা গিয়েছে, বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুখ আবদুল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরীও। সেইসময়ই খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ।ইতিমধ্যেই হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে, নিরাপত্তার ঘেরাটোপে বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন ফারুখ আবদুল্লা। ঠিক সেইসময় পিছন দিক থেকে নিরাপত্তার ঘেরাটোপে ঢুকে পড়েন ওই অভিযুক্ত। ফারুখ আবদুল্লাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি-র কমান্ডোরা তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিরাপত্তরক্ষীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায় গুলি। তারপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, এনএসজি কম্যান্ডোরা তাঁকে আটক করেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির নাম কমল সিং জমওয়াল। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জেরায় জানিয়েছে,পুরনো জম্মুর কিছু অংশে তাঁর কয়েকটি দোকান রয়েছে। ওই দোকান ভাড়া দিয়েই তাঁর পেট চলে। কেন তিনি ফারুখ আবদুল্লার উপর হামলা চালান? এই বিষয়ে পুলিশি জেরায় বলেন,”আমি গত ২০ বছর ধরে ফারুক আবদুল্লাকে হত্যা করার চেষ্টা করছি। এটা আমার ব্যক্তিগত এজেন্ডা। বন্দুকটিও আমার নিজের। লাইসেন্সধারী বন্দুক। আজ তিনি সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাগ্যবান যে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন।” এই ঘটনার সঙ্গে আরও কোনও বড় চক্র জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে জম্মু-কাশ্মীর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *