প্লেব্যাক থেকে অবসরের পরে ফের বড় চমক অরিজিতের, এবার কী করলেন গায়ক? – Bengali News | Arijit singh releases first independent song raina after bollywood retirement
গত ২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে, তিনি আর প্লেব্যাক করবেন না। সেই ‘বিনা মেঘে বজ্রপাত’-এর রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এল তাঁর নতুন গান ‘রায়না’। আদ্যোপান্ত রোমান্টিক এই গানটির সুর বেঁধেছেন প্রখ্যাত সুরকার শেখর রাভজিয়ানি এবং কথা লিখেছেন প্রিয়া সারাইয়া।
গানটি মুক্তি পাওয়া মাত্রই অনুরাগী মহলে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গিয়েছে। ইউটিউব থেকে ফেসবুক— সর্বত্রই বইছে প্রশংসার জোয়ার। এক অনুরাগী লিখেছেন, “গুরুর এই স্বাধীন মিউজিক সফরকে স্বাগত জানাই।” আবার কেউ আবেগপ্রবণ হয়ে লিখেছেন, “অরিজিতের জাদুতেই চোখের জল ধরে রাখা দায়।”
প্লেব্যাক ছাড়লেও কিছু কাজ আগে থেকেই চুক্তিবদ্ধ ছিল শিল্পীর। সেই প্রতিশ্রুতি মেনেই এ বছর মুক্তি পেতে চলেছে তাঁর শেষ কয়েকটি চলচ্চিত্রের গান। বিশেষ করে আমির খান পুত্র জুনেইদ খান এবং সাই পল্লবী অভিনীত আসন্ন রোমান্টিক ড্রামা ‘এক দিন’-এ শোনা যাবে অরিজিতের কণ্ঠ। আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সম্প্রতি এই খবরটি নিশ্চিত করা হয়েছে।
শোনা গিয়েছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে অরিজিতের শেষ প্লেব্যাক থাকবে। কিং খান অভিনীত ‘কিং’ ছবিতেও অরিজিতের গান থাকার জোরালো সম্ভাবনা রয়েছে, যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিক সিলমোহর দেননি।
চলচ্চিত্রের গানে অরিজিৎকে হয়তো আর নিয়মিত পাওয়া যাবে না, কিন্তু ‘রায়না’ প্রমাণ করে দিল যে স্বাধীন সঙ্গীত বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে নিজের রাজত্ব চালিয়ে যেতে তিনি প্রস্তুত। প্লেব্যাক সিঙ্গার থেকে গ্লোবাল মিউজিক আইকন হয়ে ওঠার পথে অরিজিতের এই নতুন পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।