শুটিং ফ্লোরে আলিয়া-ববি দেওলের মধ্যে তুমুল ঝামেলা, হঠাৎ করে কী ঘটল? - Bengali News | Cold war on alpha sets reports hint at alia bhatt bobby deol rift - 24 Ghanta Bangla News
Home

শুটিং ফ্লোরে আলিয়া-ববি দেওলের মধ্যে তুমুল ঝামেলা, হঠাৎ করে কী ঘটল? – Bengali News | Cold war on alpha sets reports hint at alia bhatt bobby deol rift

Spread the love

পর্দায় তাঁদের লড়াই দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে দর্শককুল। কিন্তু সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল বাস্তবের সংঘাত। যশরাজ ফিল্মসের বহুল চর্চিত স্পাই থ্রিলার ‘আলফা’-র সেটে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন আলিয়া ভাট এবং ববি দেওল। অবস্থা এমনই বেগতিক হয়ে দাঁড়ায় যে, মাঝপথে শুটিং বন্ধ রাখতে হয়। শেষমেশ স্টুডিওর অন্দরমহল থেকে তড়িঘড়ি ছুটে আসতে হয় কর্ণধার আদিত্য চোপড়াকে।

বিটাউনের সূত্র বলছে, বিবাদের মূলে রয়েছে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’ বা সৃজনশীল মতপার্থক্য। জানা গিয়েছে, একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন ববি দেওলের অভিনয় এবং শট নেওয়ার ধরণ নিয়ে বারবার হস্তক্ষেপ করছিলেন আলিয়া। নিজের মতামত বা ‘ইনপুট’ দেওয়ার অভ্যাস আলিয়ার পুরনো হলেও, বর্ষীয়ান অভিনেতা ববি দেওল বিষয়টি সহজভাবে নিতে পারেননি। বারবার জুনিয়র অভিনেত্রীর এই ‘নাক গলানো’তে মেজাজ হারান ‘অ্যানিম্যাল’ খ্যাত এই তারকা। এরপরই সেটে দুই তারকার মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়।

শুটিং ফ্লোরে তখন পিনপতন নিস্তব্ধতা। কাজ শিকেয় তুলে দুই অভিনেতা যখন অনড়, তখনই খবর পৌঁছায় প্রযোজক আদিত্য চোপড়ার কানে। খবর পাওয়ামাত্রই তিনি সেটে উপস্থিত হন। দুই তারকার সঙ্গে আলাদাভাবে কথা বলে এবং বিবাদ মিটিয়ে অবশেষে ফের ক্যামেরা চালু করান তিনি। যদিও এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি, তবে বিটাউনের অলিতে-গলিতে এই ‘ইগো ফাইট’-এর খবর এখন টক অফ দ্য টাউন।

ঝগড়াঝাঁটির খবরের মাঝেই ববি দেওলের লুক কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। চোখে কালো ফ্রেমের চশমা, কাঁধ পর্যন্ত লম্বা চুলে পনিটেল আর কাঁচা-পাকা গোঁফে ববিকে দেখাচ্ছে দুর্ধর্ষ। নিজের লুক শেয়ার করে অনুরাগীদের উদ্দেশ্যে তাঁর বার্তা— “পপকর্ন নিয়ে তৈরি থাকুন, এবার আগুন লাগবে।” পর্দায় আলিয়া এবং ববির এই ‘অফ-স্ক্রিন’ রসায়ন অন-স্ক্রিনে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। তবে অনুরাগীদের আশা, সেটের এই তপ্ত মেজাজ সিনেমার অ্যাকশন দৃশ্যে বাড়তি মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *