East Bengal Mohun Bagan: মুখ্যমন্ত্রীর জন্য নিখরচায় যুবভারতীতে তিন প্রধান! ISLএর উদ্বোধনী ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে - Bengali News | After East Bengal, Mohunbagan and Mohammedan is also playing at VYBK Stadium, Salt lake in ISL - 24 Ghanta Bangla News
Home

East Bengal Mohun Bagan: মুখ্যমন্ত্রীর জন্য নিখরচায় যুবভারতীতে তিন প্রধান! ISLএর উদ্বোধনী ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে – Bengali News | After East Bengal, Mohunbagan and Mohammedan is also playing at VYBK Stadium, Salt lake in ISL

Spread the love

কলকাতা : আইএসএল শুরু হতে বাকি আর কয়েক ঘন্টা। আগামিকাল প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট ও কেরালা ব্লাস্টার্স। গত বারের জয়রথ এই বছরেও চালাতে চাইবেন বাগানের নতুন কোচ সার্জিও লোবেরা। দিন দুয়েক আগেই ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা করা হয়েছে, এই বছর নিজেদের সব হোম ম্যাচ সল্টলেক স্টেডিয়ামেই খেলবে দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাহায্যে যুবভারতী স্টেডিয়ামের ফি মকুব করে দেওয়া হয়েছে লাল-হলুদকে। এ বার সেই একই সুবিধা পেতে চলেছে কলকাতার বাকি দুই প্রধান দলও।

আইএসএলের ক্রীড়াসূচি প্রকাশ করার আগে সব দলকে নিজেদের ‘হোম ভেন্যু’ জানানোর জন্য অনুরোধ করেছিল কর্তৃপক্ষ। সেখানেই মোহনবাগান নিজেদের ঘরের মাঠ হিসেবে যুবভারতীকে বাছলেও লাল-হলুদ ব্রিগেড বেছে নিয়েছিল কিশোরভারতী স্টেডিয়ামকে। এই নিয়ে সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন লাল-হলুদ কর্মকর্তারা। খরচ কমাতে যুবভারতীতে ম্যাচ আয়োজন করতে চায়নি ক্লাবের প্রধান ইনভেস্টর ইমামি। লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান,৬৫ হাজার দর্শকের সামনে খেলা আর ৬ হাজার দর্শকের সামনে খেলা, দুটো আলাদা বিষয়। কিশোরভারতী স্টেডিয়ামে খেলা হলে তাঁরা মাঠে যাবেন না।

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। তাঁর হস্তক্ষেপেই ইস্টবেঙ্গল ক্লাবের যুবভারতীতে খেলার সম্পূর্ণ খরচ মকুব করে দেয় যুবভারতী কর্তৃপক্ষ। এই খবরের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে, তাহলে কি সবুজ-মেরুন ও সাদা-কালো ব্রিগেডও ফি মকুবের জন্য আবেদন করবে? আইএসএল শুরুর আগে কলকাতার তিন প্রধান দলেই স্বস্তির খবর। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, তিন প্রধানেরই যুবভারতীতে ফি মকুব করে দেওয়া হয়েছে। এ দিকে, কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে অনুরোধ করেছে, ফুটবলের স্বার্থে যেন সব ক্লাবগুলিকেই বিনামূল্যে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। প্রত্যেক বছরেই প্রতিযোগিতায় শোচনীয় ফল করে লাল-হলুদ। এই বছর হয়ত ভাগ্যের চাকা ঘুরবে, এমনই আশা সমর্থকদের।

আইএসএলের উদ্বোধনী ম্যাচ ঘিরে তুঙ্গে চর্চা। আগামিকাল মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও কেরালা। ইতিমধ্যেই ক্লাবের তরফে অফলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এত ঝামেলার পর অবশেষে মাঠে নামতে প্রস্তুত ফুটবলাররা। নির্ধারিত সময়ের প্রায় ৫ মাস পর শুরু হতে চলেছে আইএসএল। মাঠে নামতে প্রস্তুত ফুটবলাররা, সঙ্গে আগ্রহ বাড়ছে সমর্থকদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *