২০০-র উপর স্ট্রাইকরেট, বিশ্বকাপ জিতেই বাবাকে ফোন করে প্রণাম জানালেন বৈভব! - Bengali News | Strike rate over 200 vaibhav called his father to seek blessings right after winning the world cup - 24 Ghanta Bangla News
Home

২০০-র উপর স্ট্রাইকরেট, বিশ্বকাপ জিতেই বাবাকে ফোন করে প্রণাম জানালেন বৈভব! – Bengali News | Strike rate over 200 vaibhav called his father to seek blessings right after winning the world cup

Spread the love

কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল খেলল ও জিতল ভারত। আর সেই ফাইনালের নায়ক ভারতের ১৪ বছরের বিস্ময় বালক বৈভব। শুক্রবারের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। আর এই ঐতিহাসিক জয়ের নায়ক হল বৈভব। তাঁর এই ১৭৫ রানের ইনিংস শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটেও স্মরণীয় হয়ে থাকবে। জয়ের পর উচ্ছ্বাসে ভাসলেন দেশের মানুষ থেকে ক্রিকেটাররা।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বৈভবের ৮০ বলে বিস্ফোরক ১৭৫ রানের উপর ভর করে ৪১১ রান তোলে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ১৫টি ছক্কা ও ১৫টি চারের মাধ্যমে এই রান করে বৈভব। পাশাপাশি আইসিসির টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড করে এই বিস্ময় বালক।

বৈভবের আইপিএল দল রাজস্তান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিয়োয় দেখা যায় ট্রফি হাতে বাবার সঙ্গে কথা বলছে বৈভব। সেখানে শুধু দুটো শব্দ শোনা যায়, “পাপা প্রণাম”। মুহূর্তেই সেই ভিডিয়ো ভাইরাল হয়। আবার ম্যাচ শেষের পর ভাইরাল হয় আরও একটি ভিডিয়ো। সেখানে দেখা যায় সতীর্থদের সঙ্গে নাচে, গানে মেতে উঠেছে সে। হাসতে হাসতে তাকে বলতে শোনা যায় “পঞ্জাবি গান বুঝতে পারছি না। ভোজপুরি গান চালাও”। আর তারপর সেই গানে নাচতে থাকে দেশের যুব ক্রিকেটাররা। ক্রমাগত কঠোর পরিশ্রমের পর বিশ্বজয়। ফলে, খুব সহজেই ১৪০ কোটির চাপ ঘাড় থেকে নামিয়ে আনন্দে মাতে তারা।

শুধু ফাইনালের সেরা খেলোয়াড়, এমন নয়। গোটা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কারও জেতে বৈভব। ম্যাচের পর তাকে নিজের ইনিংস নিয়েও কথা বলতে শোনা যায়। বৈভব বলে, “ম্যাচে আমি অবদান রাখতে পারব, আমার এই বিশ্বাস ছিল। আমি আলাদা করে কোনও চাপ নিইনি।” নাচ-গান আর হাসির সেই মুহূর্তগুলো যেন বলে দেয় এই দল শুধু সাহসী ক্রিকেট খেলেছে এমন নয়, জয়ও ছিনিয়ে নিয়ে এসেছে। সর্বপরি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত যে নিরাপদ হাতে রয়েছে তা আরও একবার প্রমাণ করে দিল এই কিশোর তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *