Video: মহিলাদের স্বনির্ভর করতে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর – Bengali News | PM Narendra Modi interracts with women milk entrepreneur of Varanasi
বারাণসীতে মহিলা দুগ্ধ ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।Image Credit source: twitter
বারাণসী: মহিলাদের ক্ষমতায়নই কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্য। বারাণসীতে আমূলের ডেয়ারি প্ল্যান্টের উদ্বোধন করে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমূল ডেয়ারি প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার স্থানীয় মহিলা দুগ্ধ ব্যবসায়ীদের সঙ্গেও আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। সেই আলাপচারিতার ভিডিয়ো প্রধানমন্ত্রী নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন।
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই নরেন্দ্র মোদী সরকার মহিলাদের গির প্রজাতির গরু দিয়েছেন। সাধারণ গরুর তুলনায় গির প্রজাতির গরু বেশি দুধ দেয়। সরকারের তরফে এই গরু পেয়ে বিশেষ উপকৃত হয়েছেন বলে প্রধানমন্ত্রীকে জানান বারাণসীর মহিলারা। গির প্রজাতির গরু তাঁদের পরিবার থেকে সমগ্র জীবনযাত্রায় কীভাবে পরিবর্তন নিয়ে এসেছে, সেকথাও প্রধানমন্ত্রীকে জানান তাঁরা।
এই খবরটিও পড়ুন
গির গরুর সঙ্গে সেলফি
মহিলাদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, তাঁরা গির প্রজাতির গরুর সঙ্গে সেলফি তুলেছেন কি না? প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে অনেক মহিলা জানান, কেবল তাঁরা নন, তাঁদের সন্তানেরাও গির প্রজাতির গরুর সঙ্গে খেলা করে, সেলফি তোলে।
মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে
মহিলাদের স্বনির্ভর করে তোলাই তাঁর সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী মোদী জানান, গুজরাটে একটি নিয়ম চালু করেছিলেন। গরুর দুধ বিক্রির টাকা কোনও মহিলাকে দেওয়া হবে না, সমস্ত টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবার এখানেও (বারাণসী) সেই একই নিয়ম চালু হবে। দুধ বিক্রির টাকা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে।
প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ
গির প্রজাতির গরু দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান বারাণসীর মহিলারা। একজন জানান, গির প্রজাতির গরু থেকে মাসে ৪০-৫০ কুইন্টাল গোবর সার উৎপাদন করতে পারেন তিনি। সেটা মাসে বিক্রি করে মোটা টাকা পান। প্রধানমন্ত্রী ওই মহিলার প্রশংসা করে নতুন ব্যবসা শুরু করার পরামর্শ দেন। আবার এক মহিলা জানান, গির প্রজাতির গরু তাঁর পরিবারের জন্য সৌভাগ্যসূচক। এই গরু পাওয়ার পরই ১৪ বছর পর তাঁর একটি গরু বাচ্চা দিয়েছে। আরেক মহিলা জানান, তাঁদের কোনও গরু ছিল না। এখন সরকারের দেওয়া গির প্রজাতির গরু থেকে মাসে তাঁর পরিবারে মাসে ৮ হাজার থেকে ৯ হাজার টাকা আয় হয়। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।
পূর্বাঞ্চলে গির গরুর সংখ্যা বৃদ্ধি
মহিলাদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিন বছর আগে তিনি গির প্রজাতির গরুর সংখ্যা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। এখন পূর্বাঞ্চলে এই প্রজাতির গরুর সংখ্যা বেড়ে প্রায় ৩৫০ হয়েছে। তিনি আরও জানান, অন্য প্রজাতির গরু সাধারণত দিনে মাত্র ৫ লিটার দুধ দেয়। আর গির প্রজাতির গরু ১৫ লিটার দুধ দিতে সক্ষম। ফলে এই গরু মহিলা-গো-প্রতিপালকদের আয় বৃদ্ধি করতে সাহায্য করে।
ভ্যাকসিনেশনে জোর
গরুদের সাধারণত পায়ে এবং মুখে বিশেষ রোগ হয়। সেই অসুখ থেকে বাঁচাতে সরকারের তরফে গো-ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে মহিলাদের সঙ্গে আলাপচারিতায় সেকথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদীর আবেদন, নিয়মিত গরুদের ভ্যাকসিন দিন।
नारीशक्ति का सशक्तिकरण हमारी सरकार की सर्वोच्च प्राथमिकता है। बाबा विश्वनाथ की नगरी में माताओं और बहनों से यह जानकर बेहद संतोष हुआ कि गिर गाय मिलने से उनके जीवन में काफी बदलाव आया है। pic.twitter.com/xOFKjF7aiR
— Narendra Modi (@narendramodi) February 24, 2024