Madhyamik: মাধ্যমিক পরীক্ষার আগে তড়িঘড়ি সরানো হচ্ছে সবজি বাজার – Bengali News | Shops removed from the place in ghatal for Madhyamik exam
দাসপুর: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে আগাম ব্যবস্থা নিল দাসপুর–১ পঞ্চায়েত সমিতি। দাসপুর-সাগরপুর গ্রামীণ রাস্তার দাসপুর হাসপাতাল মোড় এলাকায় রাস্তার দু’পাশে বসা সবজি বাজার ও অস্থায়ী দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, মাধ্যমিক পরীক্ষার সময়ের জন্য এই বাজার আপাতত লাউদা মার্কেট কমপ্লেক্সে স্থানান্তরিত করা হবে। জানা গিয়েছে, সাগরপুর স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে এবং ওই স্কুলে যাওয়ার প্রধান রাস্তাটিই এই হাসপাতাল মোড় দিয়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় সবজি বাজার বসলে প্রায়ই যানজট তৈরি হয়। এমনকী একটি প্রাইভেট কার ঢুকলেই দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যদি যানজটে আটকে পড়ে, তাহলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়তে হতে পারে। সেই কারণেই পরীক্ষার্থীদের স্বার্থে দাসপুর–১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা। তার আগে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে।