TMC-BJP: তৃণমূল কর্মীকে ইটের আঘাত, ভোটের আগে তপ্ত গোঘাট – Bengali News | Allegation BJP workers attack on tmc at goghat
হাসপাতালে নিয়ে আসা হয় তৃণমূল কর্মীকে।Image Credit source: TV9 Bangla
আরামবাগ: প্রচার চলাকালীন তৃণমূল কর্মীকে ইট মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি অভিযোগ মানতে নারাজ। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় গোঘাটের শুনিয়া গ্রামে। এক তৃণমূল কর্মীকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীরা টোটোয় চেপে স্লোগান দিতে দিতে প্রচারে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা হয়।
অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে ইট ছুড়ে মারে। তাতে সৌরভ ঘোষ নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন। গোঘাট থানার পুলিশ খবর পেয়ে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। পরে দলীয় কর্মীরা তাঁকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
যদিও অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেত্রী দোলন দাস। তিনি বলেন, “পুরোটাই মিথ্যা কথা। আসলে ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের নাটক বাড়ছে। গ্রামের ভিতর প্রচারে গিয়েছে, সেখানে সাধারণ মানুষ ইট ছুড়েছে। এখানে বিজেপির কোনও কর্মীর কোনও দোষ নেই। এখানে শুধুমাত্র বিজেপি কর্মীদের ফাঁসাতে, মিথ্যা মামলা দিতে নাটক সাজানো হচ্ছে।” পঞ্চম দফায় ২০ মে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে তপ্ত এলাকার রাজনীতি।