SIR in Bengal: ‘২০০২ সালে ভোট দিয়েছিলাম, তাও নাম নেই’, বসিরহাটে SIR আতঙ্ক! চিন্তায় একাধিক পরিবার – Bengali News | “Fresh SIR Panic in Basirhat: 48 Names Missing from 2002 Voter List, Residents Fear Disenfranchisement
আতঙ্কে একের পর এক পরিবারImage Credit: নিজস্ব চিত্র
উত্তর ২৪ পরগনা: বসিরহাটে আতঙ্কের নাম এসআইআর। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাংলায় নিবিড় পরিমার্জনের ঘোষণা হতেই কমিশন যে সংশোধিত তালিকা প্রকাশ করেছে, তাতে নাম নেই ৪৮ জনের। যার জেরে এলাকাজুড়ে তৈরি হয়েছে চিন্তার আবহ। কীভাবে নাম বাদ গেল? প্রভাব পড়বে না তো চলতি বছরের এসআইআর-এ? সেই প্রশ্নই এখন তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীদের। ঘটনা উত্তর ২৪ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রামের।
২০০৯ সালে রাজ্য আসন পুনর্বিন্যাস হওয়ার আগে পর্যন্ত এই গ্রামটি ছিল হাসনাবাদ বিধানসভার অন্দরে। পরবর্তীতে আসন পুনর্বিন্যাস কার্যকর হলে তা চলে যায় বসিরহাটের অন্দরে। এবার সেই এলাকায় ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে ভয়।
সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে ২০০২ সালের তালিকা আপলোড করেছে রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এলাকাবাসীর দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় মোট ৮৯৬ জনের নাম ছিল। কিন্তু সিইও দফতরের প্রকাশিত ‘সংশোধিত তালিকায়’ নাম রয়েছে মাত্র ৮৪৮ জনের। অর্থাৎ নাম বাদ গিয়েছে মোট ৪৮ জনের। সেই নিয়েই ছড়িয়েছে আতঙ্ক।
‘নাম না থাকা’ এক বাসিন্দা বলেন, ‘২০০২ সালে ভোট দিয়েছিলাম, তাঁর আগেও ভোট দিয়েছিলাম। কিন্তু কমিশনের দেওয়া তালিকায় আমার নাম নেই। কমিশনের কাছে আবেদন যেন আমার নাম নথিভুক্ত করা হয়।’ একই দাবি সংশোধিত তালিকায় নাম না থাকা ওই এলাকার অন্য বাসিন্দাদেরও। তাঁদের দাবি, ২০০২ সালেও ভোট দিয়েছে তাঁরা। কিন্তু তারপরেও কী করে নাম বাদ গেল? কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নতুন তালিকায় তাঁদের গ্রাহ্য করা হবে তো?