Thakurpukur Case: ‘সব শেষ করে দিয়েছি’, মাথায় সজোরে পাথর মেরেই থানায় হাজির – Bengali News | Husband throws stone on wife’s face and head, gone to police station
ঠাকুরপুকুর: সন্দেহটা বেড়েই চলছিল। বেশ কিছুদিন ধরে সন্দেহ এতটাই বেড়ে গিয়েছিল যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। পাড়া-প্রতিবেশীরাও জানতেন সে কথা। তবে শনিবার রাতে যা ঘটল, তাতে হতবাক আশপাশের বাসিন্দারা। পাথর দিয়ে মাথা-মুখ থেঁতলে সোজা থানায় হাজির হলেন স্বামী। বেহালার ঠাকুরপুকুর থানার অন্তর্গত আনন্দনগরের ঘটনা।
স্বামীর নাম মিলন বালা। স্ত্রী কাজল বালার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য, মিলন তাঁর স্ত্রী কাজলকে শুধুই সন্দেহ করতেন। শনিবার রাতে এই সন্দেহের বসেই দুজনের মধ্যে গন্ডগোলের সূত্রপাত হয়। ঘরের মধ্যেই বাদানুবাদ চলছিল। এরপরই মেজাজ হারিয়ে স্বামী মিলন বালা পাথর দিয়ে স্ত্রী কাজল বালার মাথায় ও মুখে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে মেরে ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় ফেলে রাখেন স্বামী। এরপর মিলন রক্তাক্ত জামাকাপড় পরেই সোজা হাজির হন ঠাকুরপুকুর থানায়। সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। থানায় গিয়ে বলেন, ‘সব শেষ করে দিয়েছি।’
তবে গুরুতর আহত হলেও বেঁচে ছিলেন স্ত্রী কাজল বালা। পরিবারের লোকজন ও ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় কাজল বালাকে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করে। তারপর সেখান থেকে অবস্থার অবনতি হলে কাজলকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় কাজলকে আইসিইউ-তে ভর্তি করা হয়।
মুখে এবং মাথায় একাধিক সেলাই পড়েছে। পরিবারের লোকজনের বক্তব্য সন্দেহের বসেই মিলন তার স্ত্রী কাজলকে খুন করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানার পুলিশ মিলনকে আটক করে তদন্ত শুরু করেছে।