শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবারের বিশেষ চমক কী? - Bengali News | Kolkata international film festival 2025 going to start from this day - 24 Ghanta Bangla News
Home

শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবারের বিশেষ চমক কী? – Bengali News | Kolkata international film festival 2025 going to start from this day

Spread the love

শহর কলকাতা আবারও সিনেমার উৎসবে গা ভাসাতে প্রস্তুত। পুজোর মরসুম কাটতে না কাটতেই শীতের উৎসবে সেজে ওঠার পালা। যার মধ্যে অন্যতম অনুষ্ঠান হল  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার ৩১তম বর্ষ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) ২০২৫ শুরু হতে চলেছে নভেম্বরে। আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্রের মহোৎসব। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদনসহ শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে সিনেমা প্রদর্শনী। এবারের ট্যাগলাইন— “চলচ্চিত্র মেলায় বিশ্ব”।

উৎসবের আগে তাই ২৮ অক্টোবর রবীন্দ্র সদনে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন।  উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শান্তনু বসু, হরনাথ চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তী এবং পোল্যান্ডের প্রতিনিধি জয়দীপ রায়।

এদিন বৈঠকে জানানো হয়, চলতি বছর উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে কিংবদন্তি জুটি উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’। ৬ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় ধনধান্য অডিটোরিয়ামে হবে উদ্বোধনী প্রদর্শনী।

চলচ্চিত্র উৎসবে এ বছর দেখানো হবে মোট ১৮৫টি ফিচার ফিল্ম, ৩০টি শর্ট ফিল্ম এবং ৩৫টি তথ্যচিত্র। তালিকায় রয়েছে ১৮টি স্থানিয় ভাষা ও ৩৯টি বিদেশি ভাষার ছবি। এবারের মোট জমা পড়েছিল ১,৮২৭টি ছবি, যার মধ্যে থেকে ৩৯টি দেশের ও ২১৫টি বিদেশি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে প্রদর্শনের জন্য।

এছাড়াও, বদলে যাচ্ছে উৎসবের জনপ্রিয় অংশ ‘সিনে আড্ডা’র রূপ। এ বছর এর নাম দেওয়া হয়েছে ‘গানে গানে সিনেমা’, যেখানে থাকবে সিনেমার গান নিয়ে আলোচনা ও সঙ্গীত পরিবেশনা। ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত একতারা মঞ্চে বসবে এই সাংস্কৃতিক আসর। চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতির এক মিলনমেলা হয়ে উঠতে চলেছে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব — যেখানে সিনেমার মাধ্যমে আবারও একসূত্রে বাঁধা পড়বে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *