BLO-দের ‘গতিবিধি’ নজরে রাখবে তৃণমূল? তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক – Bengali News | Will Trinamool keep an eye on BLOs, Controversy over Trinamool MLA’s comments in Birbhum
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
সাঁইথিয়া: এসআইআর নিয়ে বিতর্ক-চাপানউতোরের অন্ত নেই। এরইমধ্যেই কী তৃণমূল কংগ্রেসের নজরে বিএলওরা? লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার মন্তব্যে জোর চর্চা। তিনি বলছেন, “কবে কোন বুথে বিএলও যাচ্ছেন তার আগাম খবর পাবেন।” শুধু তাই নয়, “তিনি আরও বলছেন আমাদের দলের এজেন্টরা বিএলও-দের সঙ্গে থাকবেন।” এদিকে আবার জীবনের আশঙ্কা করে দু’দিন আগে সিইও-কে চিঠি দিয়েছেন ভোটকর্মী ঐক্য মঞ্চের সদস্যরা। ভোট কর্মীদের নিরাপত্তার দাবি তোলে সংগ্রামী যৌথ মঞ্চও। এত বিতর্কের মধ্যে এবার তৃণমূল বিধায়কের মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।
সাঁইথিয়াতে একটি বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। ছিলেন খোদ অনুব্রত মণ্ডলও। সেখানেই বক্তব্য দলীয় কর্মীদের রাখতে গিয়ে অভিজিৎ বলেন, “কালীপুজোর পর থেকে এসআইআরের কাজ শুরু হবে। এ নিয়ে কোনও বিভ্রান্তি, কোনও দ্বিমত নেই। বিএলওরা কবে কোন বুথে যাচ্ছেন এটা আপনারা আগাম খবর পেয়ে যাবেন এখানকার নেতৃত্বের কাছ থেকে। আমাদের যিনি বুথ লেভেল এজেন্ট থাকছেন তাঁর দায়িত্ব ওই বুথ লেভেল অফিসারের সঙ্গে বুথের প্রতিটা বাড়িতে যাওয়া। আপনার সেই অধিকার আছে।”
এমনকী বুথ লেভেল এজেন্টরা যাতে কাজে কোনওভাবেই ‘ফাঁকি’ না দেন সে কথাও জোর দিয়ে বলতে শোনা যায় তাঁকে। সাফ বলেন, “ওই সময় কাজে ব্যস্ত রামপুরহাট গিয়েছি, সিউরি গিয়েছি, কী আত্মীয়র বাড়িতে গিয়েছি, এটা করা যাবে না।” এদিকে ৪৮ ঘণ্টা আগেই আবার জীবনের আশঙ্কা করেছিলেন বিএলওরা। আশঙ্কা, তাঁদের মেরে ফেলা হতে পারে। এই আশঙ্কা করেই নিরাপত্তার দাবিতে তাঁরা সিইও-র দ্বারস্থ হয়েছিলেন। সেই বিতর্ক মিটতে না মিটতেই এবার নতুন করে বিতর্ক তৃণমূল বিধায়কের মন্তব্যে।
পাল্টা খোঁচা দিচ্ছে বিজেপি। বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলছেন, “এসব কথা বলে বিএলওদের নিজেদের ফেভারে নিতে চাইছেন। আসলে বিএলও-রা কোথায় যাবেন সেটা তো জানাই যাবে। এখন এইসব কথা নতুন করে বলা মানে ওরা তৃণমূলের কথা শুনে চলবে বলার চেষ্টা। আসলে ধমকে চমকে একটা বাতাবরণ তৈরি করতে চাইছে। কিন্তু সেগুড়ে বালি। আমরা নির্বাচন কমিশনের উপর, আইনের প্রতি ভরসা আছে। তাই এসব করে কিছু হবে না। ভারতে কোনও অবৈধ ভোটারের জায়গা থাকবে না।”