RG Kar Case: ভোটের আগে তিলোত্তমাকে নিয়ে সিনেমা? নির্যাতিতার মা-বাবা বললেন, ‘আমরা অনুমতি দিইনি’ – Bengali News | Cenima on RG Kar case victims parents dont allow kolkata west bengal
কলকাতা: আরজি কর হাসপাতালের ভিতর ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। সূত্রের খবর, সেই ঘটনার প্রায় এক বছর পর এবার তিলোত্তমার মৃত্যু নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। সেই সিনেমার নাম দেওয়া হচ্ছে ‘তিলোত্তমা’ বলে খবর সূত্রের। বিধানসভা ভোটের আগেই ছবি রিলিজ হতে পারে বলে খবর। তবে সবটাই নির্ভর করবে তিলোত্তমার মা-বাবার উপর।
সূত্রের খবর, সিনেমার বিষয় নিয়ে ইতিমধ্যেই তিলোত্তমার বাবা-মায়ের সঙ্গে একাধিকবার কথা বলেছেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় বলে জানা যাচ্ছে। অনেক দূর কথা বার্তা এগিয়েছে বলে খবর। তবে এখনও চূড়ান্ত সম্মতি দেননি তিলোত্তমার বাবা-মা। এ প্রসঙ্গে টিভি ৯ বাংলা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি ছবিটা বানাতে চাই। তিলোত্তমার মা-বাবার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। ওঁদের অনুমতি না পেলে তো ছবি করা যাবে না। তাই এর বেশি এখন কিছু বলতে পারছি না।”
অপরদিকে, তিলোত্তমার বাবা বলেন, “আমরা কিছু জানি না। তবে একজন পরিচালক এই নিয়ে কথা বলার জন্য আমাদের কাছে এসেছিলেন। আমরা ওঁর সঙ্গে কোনও কথাই বলিনি। শুধু বলেছি যত দিন না বিচার পাব, ততদিন এইসব নিয়ে কিছু নয়। বিচার পাওয়ার পর ভাবব। আর কে কী করছে, সেটা নিজস্ব দায়িত্ব করছে। এই সমস্তকে আমরা সমর্থন করছি না।” অপরদিকে, তিলোত্তমার মা বলেন, “আমি শুধু আমার মেয়ের বিচার ছাড়া আর কিছু ভাবতে পারি না। ওই রাতে কী হয়েছিল, কারা এই কাজ করল তার তথ্য যতক্ষণ না পাব এই সব সিনেমা কিছুই হবে না। আমরা কাউকে অনুমতি দেব না। আমার মেয়ে প্রত্যেকের ঘরের মেয়ে। যতদিন পর্যন্ত না বিচার পাব ততদিন কিছু হবে না। যাঁরা ওকে খুন করল তাঁদের যতদিন না জেলের ওপারে দেখতে পাব ততদিন কিছুই না।”
এর আগে তিলোত্তমাকে নিয়ে ডকুমেন্ট্রি করতে চেয়েছিলেন রাজন্যা হালদার। তবে সেই সময় দল তাঁকে অনুমতি না দেওয়ায় মাঝপথেই তার শুটিং থামিয়ে দিতে হয়েছিল।