সরাসরি NATO-র সঙ্গেই যুদ্ধ রাশিয়ার? পোল্যান্ডেও ঢুকে পড়ল রুশ ড্রোন - Bengali News | Russian Drone Enters Poland, NATO Warns of War - 24 Ghanta Bangla News
Home

সরাসরি NATO-র সঙ্গেই যুদ্ধ রাশিয়ার? পোল্যান্ডেও ঢুকে পড়ল রুশ ড্রোন – Bengali News | Russian Drone Enters Poland, NATO Warns of War

রুশ ড্রোনে ক্ষতিগ্রস্থ পোল্যান্ডের বাড়ি।Image Credit: X

পোল্যান্ড: তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে বিশ্বজুড়ে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো (NATO)? আজ, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পোল্যান্ড সীমান্তে ঢুকে পড়ে কয়েক ডজন রুশ ড্রোন। ইউক্রেনের পর এবার পোল্যান্ডে-ও ‘শাহিদ’ ড্রোন নিয়ে হামলা রাশিয়ার?

রুশ ড্রোন ঢুকতেই তড়িঘড়ি গুলি করে ড্রোন নামায় পোল্যান্ড সেনা। সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয় ন্যাটো-র এফ-৩৫ যুদ্ধবিমান। রুশ ড্রোনের হামলা-কে যুদ্ধের উস্কানি বলেছেন পোল্যান্ডের ডেপুটি মন্ত্রী। একই সুরে রাশিয়াকে সতর্ক করেছে আমেরিকাও। মার্কিন আধিকারিক জো উইলসন একে ‘অ্যাক্ট অফ ওয়ার‘ বলেছেন। এভাবে ড্রোন হামলা যুদ্ধে ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছেন।

তিনি বলেছেন, “পোল্যান্ডের উপর হামলা মানে ন্যাটো-র উপরে হামলা। সর্বশক্তি নিয়ে ন্যাটো ঝাঁপিয়ে পড়বে নিজেদের অস্তিত্ব বাঁচাতে।” ট্রাম্পকে রাশিয়ার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপানোর ডাক দেন জো। পুতিনকে সর্বঃস্বান্ত করার ডাক দেন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরামর্শ দেন। ‘ন্যাটো-র ধৈর্যের পরীক্ষা নেবেন না‘, হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুতিনকে।

পোলিশ সেনার বক্তব্য, “রুশ ড্রোন একাধিকবার পোল্যান্ডের সীমা লঙ্ঘন করেছে। রুশ ড্রোনকে ধ্বংস করা হয়েছে। ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ চলছে। পোল্যান্ডের সেনা সবরকমভাবে জবাব দিতে তৈরি”। পোলিশ আমর্ড ফোর্সের অপারেশনাল কমান্ডার নির্দেশে, সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে সীমান্তে।

সাধারণ মানুষকে বাড়ির ভিতরে থাকতে আবেদন জানানো হয়েছে। ভাঙা ড্রোনের টুকরোর কাছে যেতে নিষেধ করা হয়েছে সেনার তরফে। পোডল্যাস্কি, মাজোউইকি, লেবেলস্কি-র মতো এলাকাকে সংবেদনশীল ঘোষণা করেছে সেনা।

ন্যাটো-র সেক্রেটারি জেনারেলকে ড্রোন হামলার কথা জানিয়েছে পোল্যান্ড।  পোল্যান্ড ও ন্যাটোর বায়ুসেনা যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে। আপাতত পোল্যান্ডের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তায়।

প্রসঙ্গত, ন্যাটো-র সদস্য পোল্যান্ডে আমেরিকা ও ন্যাটো-র গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি রয়েছে। ইউক্রেন যুদ্ধের আঁচ তাদের গায়েও লাগতে পারে, পুতিনের আগ্রাসন নিয়ে আগেই সতর্ক করেছিল পোল্যান্ড। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্ক করেছেন, প্রয়োজনে বেলারুশ সীমান্ত বন্ধ করে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *