Egg Malai Curry: ছুটির দিনে হেঁশেল ভরুক মালাইকারির গন্ধে, তবে চিংড়ি নয় বানিয়ে ফেলুন এই প্রিয় খাবারেই
বাঙালি হেঁশেলে মালাইকারি মানেই চিংড়ি। এভাবেই পরিচিত হয়ে আসছে৷ তবে, জানেন তো ডিম দিয়েও সুন্দর মালাইকারি রাঁধা যায়। আর তার স্বাদও হয় জব্বর। অনেকেই চিংড়িতে অ্যালার্জি থাকার কারণে খেতে পারেন না। তাঁদের জন্য সবথেকে ভাল এই ডিমের মালাইকারি
মাছ, মাংসের বিভিন্ন পদে এক ঘেয়েমি এলে বানাতেই পারেন মালাইকারি। আবার বাড়িতে হঠাৎ অতিথি এলে এই পদটি রাখা যেতেই পারে। গরম ভাত, পোলাও, খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায়, রান্নার পদ্ধতিও বেশ সহজ
মালাইকারি বানাতে যা লাগবে… ডিম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, বাদাম বাটা, নারকেল দুধ, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, তেল, নুন, কাঁচালঙ্কা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনেপাতা
ডিম সেদ্ধকরে নিয়ে দুই ভাগ করে কেটে আলাদা পাত্রে তুলে রাখুন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিন
একটু জল দিতে পারেন যাতে, মশলাগুলো না পুড়ে যায়। এবার তাতে নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি ও কাঁচালঙ্কা বাটা দিয়ে দিন
মাঝারি আঁচে, সময় নিয়ে মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তাতে নারকেল দুধ ও বাদাম বাটা মিশিয়ে দিন
কিছুক্ষণ পর গ্রেভিটা ঘন হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিন। আঁচটা সিমে রেখে দমে বসিয়ে রান্নাটা করুন। বেশ মাখামাখা হয়ে এলে ডিমগুলো দিয়ে দিন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে দিন
মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। ভাত-পোলাও বা পরোটার সঙ্গে খেতে অনবদ্য এই রেসিপি। তেল ছাড়া দই এর পরোটা বানিয়ে নিলে বেশি ভাল লাগবে খেতে







