Malbazar: উৎসবের মরশুমে বুনো হাতির হামলায় যুবকের মৃত্যু – Bengali News | Malbazar Young man dies in wild elephant attack during festive season
মালবাজার: দুর্গাপুজোর মুখে বুনো হাতির হামলায় যুবকের মৃত্যু। চাঞ্চল্য নাগরাকাটাতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশনে। মৃতের নাম বিজয় মাঝি (৩২)। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ন’টা নাগাদ বাড়ির সামনের রাস্তায় বের হয়েছিলেন বিজয় মাঝি। সেই সময় একটি দাঁতাল হাতি হঠাৎ তাঁর সামনে এসে পড়ে।
সামনে হাতি দেখে আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু হাতিটি তাকে ধরে ফেলে পেটে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নাগরাকাটা থানার পুলিশ, খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা। উপস্থিত হন স্থানীয় পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক-সহ অন্যান্যরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ ও বনদফতরের আধিকারিকরা স্থানীয়দের শান্ত করেন।
গভীর রাত প্রায় সাড়ে বারোটার সময় দেহ উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালের চিকিৎসক ডা. এল. কে. ভাস্কর জানান, “যুবককে হাসপাতালে আনার সময়ই তার দেহে প্রাণ ছিল না। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল।”
গত এপ্রিল মাসেই মালবাজারে হাতির হানায় এক সঙ্গে মৃত্যু হয় চার জনের। ক্রমাগত হাতির হামলায় প্রাণ যাওয়ায় আতঙ্ক বাড়ছে ওইসব এলাকায়। আগে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি বনদফতরের উদ্যোগে বন বস্তি এলাকায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। কিন্তু তারপরও এই ধরনের ঘটনা ঘটছে।
গত বছরও পুজোর সময়ে মালবাজারে হাতির হানায় মৃত্যু ঘটনা ঘটে। উৎসবের মরশুমে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ এলাকা।