MiG 21 Bison, End of an Era: পাশে নতুন প্রহরী, তেজসকে নিয়ে শেষবার আকাশে উড়ল প্রাচীন মিগ! – Bengali News | MiG 21 Bison, End of an Era: New guard by the side, the ancient MiG took to the skies with Tejas!
২৬ সেপ্টেম্বর, চণ্ডীগড়ের আকাশে শেষবারের মতো গর্জে উঠল মিগ-২১ বাইসন। ভারত শেষবারের মতো শুনল সেই ঐতিহাসিক বিমানের ইঞ্জিনের গর্জন। অবসান হল প্রায় ছয় দশকের বর্ণময় অধ্যায়ের। ভারতীয় বায়ু সেনার এই আইকনিক যুদ্ধবিমান আজ আনুষ্ঠানিকভাবে অবসর নিল।
বায়ু সেনার ইতিহাসে এই বিমানের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৭১-এর যুদ্ধে এই মিগ ২১ গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানি সেনার মনোবল। আবার ২০১৯ সালে পাকিস্তানের অত্যাধুনিক এফ ১৬ বিমানকে মাটিতে নামিয়ে এনেছিল এই মিগ ২১-এর বাইসন সংস্করণ।
কিন্তু শুধু সাফল্য নয়। এই বিমানের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্ধকার ইতিহাস। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে সব মিলিয়ে মোট ৮৭৪টি মিগ-২১ কিনেছিল ভারত। তার মধ্যে ৪০০-র বেশি বিমান পড়েছে দুর্ঘটনার কবলে। বারবার প্রযুক্তিগত ত্রুটি আর রক্ষণাবেক্ষণের সমস্যার কারণেই এই বিমানকে ‘উড়ন্ত কফিন’ বলা হত।
বিদায় অনুষ্ঠানে সেই গৌরব ও বিষাদের ছায়া একসঙ্গে দেখা গেল। এয়ার চিফ মার্শাল নিজে ককপিটে বসে শেষ ফ্লাইটে অংশ নেন। জল কামানের মাধ্যমে শেষ স্যালুট দেওয়া হয় এই বিমানকে। ছয়টি মিগকে শেষ সম্মান জানানো।
অবসরের দিন মিগের পাশে পাশেই আকাশে উড়ল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস। বার্তা স্পষ্ট—প্রহরী বদলে যায়, কিন্তু আকাশ বদলায় না। মিগের অবসের একটি যুগের অবসান হল কিন্তু তেজসের হাত ধরে বায়ু সেনায় শুরু হল এক নতুন অধ্যায়।