Assembly Elections 2026: বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির নির্বাচনী দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, সহকারী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী – Bengali News | Union Minister Bhupendra Yadav is in charge of BJP’s election campaign in the state for the assembly elections 2026
ভূপেন্দ্র যাদবImage Credit: Sonu Mehta/HT via Getty Images
কলকাতা: হাতে আর মাত্র মেরেকেট ক’টা মাস। পুরোদমে শুরু হয়েছে গিয়েছে নির্বাচনী প্রস্তুতি। উপরতলার নেতাদের সঙ্গে দফায় দফায় চলছে বৈঠক। এরইমধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী দায়িত্ব দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। সহকারী করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। ইতিমধ্যেই দলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানান হয়েছে।
প্রসঙ্গত, কিছু মাস আগেই বদলে গিয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। নতুন দায়িত্বে এসেছেন শমীক ভট্টাচার্য। তাঁর কাঁধে ভর করেই নতুন উদ্যোমে ছুটছে দল। এদিকে কিছুদিন আগেই আবার আরএসএস-বিজেপি সমণ্বয় বৈঠকও হয়ে গিয়েছে। বঙ্গের বিজেপি নেতৃত্বকে ডেকে বিশেষ সমন্বয় বৈঠক করতে দেখা গিয়েছিল আরএসএস পদাধিকারীদের। সল্টলেকের পাঁচতারা হোটেলে চলে ম্যারাথন বৈঠক। রাজ্য বিজেপির তরফে ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীও। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষও।
অন্যদিকে ওই বৈঠকে সংঘের তরফ থেকে ছিলেন সর্বভারতীয় স্তরের পদাধিকারী প্রদীপ যোশী। ছিলেন রমাপদ পাল, জলধর মাহাতো, জিষ্ণু বসুর মতো পদাধিকারীরা। ভোটের আগে সিএএ নিয়েও তৈরি হয় নির্দিষ্ট কর্মসূচি। এরইমধ্যে এবার বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাঁধে ওঠায় তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। এখন তিনি কবে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেন, সেখানে ভোটের কী রূপরেখা ঠিক হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।