West Bengal Weather Forecast: একটা নিম্নচাপ গেল, আর একটা আসছে? পুজোয় বৃষ্টি আর থামবে না? – Bengali News | West Bengal and Kolkata Weather Forecast for 25th september 2025 before Durga Puja
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: Samir Jana/HT via Getty Images
কলকাতা: ভেসেছে মহানগর। দেখেছে মৃত্যু মিছিল। পুজোর মুখে কী আরও দুর্যোগ অপেক্ষা করছে? এই প্রশ্নই কিন্তু এখন ঘোরাফেরা করছে উৎসবমুখর বাঙালির মুখে। শহর হোক বা জেলা, বর্ষাসুরের দাপটে সর্বত্রই যেন বিষাদের ছায়া। যদিও আবহাওয়া দফতর বলছে, উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপটি ছিল সেটি ক্রমশ শক্তি হারাচ্ছে। তবে এই এক লাইনেই যে খুব বেশি স্বস্তি পাবেন এমনটা নয়। আবহাওয়া দফতর এও বলছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি রাত পোহালেই নিম্নচাপে পরিণত হবে।
ওই নিম্নচাপই শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এরপর ধীরে ধীরে সেটি পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ-ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে। ততক্ষণে সেটি গভীর নিম্নচাপের রূপ নেবে। খেলা এখানেই শেষ নয়। এরপরেও রয়েছে আরও একটি সিস্টেম। আলিপুর আবহাওয়া দফতর বলছে, ৩০ সেপ্টেম্বর আরও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তবে তার গতিপ্রকৃতি কেমন হবে তা এখনই খুব ভাল করে আঁচ করা যাচ্ছে না।
তবে আগামী কয়েকদিন মোটের উপর বর্ষার দাপট চলতেই থাকবে বাংলার উপর। আগামী পাঁচ থেকে সাত দিন বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব-পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। অন্যদিকে ৩০ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।