Kolkata Police Commissioner: সন্তোষ মিত্র স্কোয়ারকে একের পর এক চিঠি পুলিশের, কারণ নিয়ে কী বলছেন পুলিশ কমিশনার? – Bengali News | What does Kolkata Police Commissioner Manoj Kumar Verma say about Santosh Mitra Square Durga Puja?
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাImage Credit: TV9 Bangla
কলকাতা: দুর্গাপুজোয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারকে একের পর এক চিঠি কলকাতা পুলিশের। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। হয়রানির অভিযোগ করেছেন। সন্তোষ মিত্র স্কোয়ারকে একের পর এক চিঠি পাঠানো নিয়ে এবার মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
এদিন একের পর এক পুজো মণ্ডল পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার। আর ওই পুজো মণ্ডপ পরিদর্শনের সময়ই সন্তোষ মিত্র স্কোয়ারকে একের পর এক চিঠি পাঠানো নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মনোজ ভার্মাকে। যার জবাবে তিনি বলেন, “দুর্গাপুজোয় আমাদের একটাই লক্ষ্য থাকে। আর সেটা হল সাধারণ মানুষের সুরক্ষা। সেই সুরক্ষা কীভাবে নিশ্চিত করা যাবে, সেটাই কলকাতা পুলিশের লক্ষ্য থাকে। আমরা নিশ্চিত, পুজো কমিটিগুলিরও একই টার্গেট থাকে। কীভাবে দর্শনার্থীদের সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যাবে, দর্শনার্থীদের ভিড় কেমন হয়, অতীতের অভিজ্ঞতা কী, সেটা দেখেই চিঠি পাঠানো হয়। আমাদের চিঠিগুলো দেখলেই বুঝতে পারবেন, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই লেখা হয়েছে।”
প্রতি বছর ভিড় উপচে পড়ে সন্তোষ মিত্র স্কোয়ারে। এবার তাদের থিম ‘অপারেশন সিঁদুর’। এবারও দর্শনার্থীরা ভিড় করবেন বলে আশাবাদী এই পুজো কমিটি। এই পরিস্থিতিতে সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চেয়ে মোট চারটি চিঠি পাঠানো হয়েছে পুলিশের তরফে। পুলিশের বারবার চিঠি পাঠানো নিয়ে ক্ষোভ উগরে দিয়ে সজল বলেছিলেন, “কলকাতা শহরে যদি একটা দুর্গাপুজোর জায়গা ঢোকা বেরনো-সহ, রাস্তাঘাট-সহ আমার থেকে কেউ বেশি বড় দেখাতে পারে, তাহলে আমি পুজোর সঙ্গে নিজেকে যুক্ত রাখব না।” তাঁদের পুজো কমিটিকে হয়রানিরও অভিযোগ তোলেন।
বিজেপি কাউন্সিলরের এই অভিযোগ নিয়ে পুলিশ কমিশনার বলেন, “উনি কী বলছেন, তার উপর আমার মন্তব্য করা উচিত হবে না। তবে কলকাতা পুলিশ সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে চাইছে।”