SSC Examination: রবিবার রয়েছে পরীক্ষা, তার আগে কী কী করতে হবে? ফের মনে করাল কমিশন – Bengali News | 2 lakh examinee give ssc examination tomorrow 14th september
কলকাতা: গত রবিবার (৭ সেপ্টেম্বর) নতুন করে নবম-দশমের পরীক্ষা নিয়েছিল এসএসসি(SSC)। আগামিকাল অর্থাৎ রবিবার (১৪ সেপ্টেম্বর) ফের পরীক্ষা রয়েছে। এবার পরীক্ষায় বসবেন একাদশ-দ্বাদশের প্রায় ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী। থাকছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। তবে পরীক্ষায় বসার পূর্বে কী কী করতে হবে পরীক্ষার্থীদের তা আবারও মনে করিয়েছে কমিশন।
কখন ঢুকতে হবে পরীক্ষার হলে?
এসএসসি সূত্রে খবর, দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরু। তার আগেই ঢুকে যেতে পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়। বিশেষভাবে সক্ষমদের জন্য পরীক্ষা শেষ হবে দুপুর দু’টোয়।
কী কী নির্দেশ দিয়েছে SSC?
প্রত্যেক পরীক্ষার্থীকে স্বচ্ছ পেন নিয়ে আসতে হবে। স্বচ্ছ পেন অর্থাৎ যে পেনের ভিতর থেকে রিফিল দেখা যাবে তেমন পেন নিয়ে পরীক্ষায় বসতে হবে। যদি একান্তই কোনও পরীক্ষার্থী এই ধরনের পেন না পান, তাহলে পরীক্ষাকেন্দ্রেই কমিশনের তরফে এই পেন রাখার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও, কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, একাধিক সেন্টারে নেই ক্লোক রুম (একটি নির্দিষ্ট স্থান যেখানে পরীক্ষার্থীরা তাঁদের পোশাক,ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র সাময়িকভাবে জমা রাখতে পারেন) সেই কারণে এসএসসি-র তরফে আবেদন করা হয়েছে যাতে কোনও পরীক্ষার্থী মূল্যবান জিনিস এখানে হলে নিয়ে না আসেন।
পাশাপাশি দেহ তল্লাশির সময় অ্যাডমিট কার্ড থাকা বাঞ্ছনীয়। যদি অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট থাকলে পরীক্ষার্থীদের সরকারি পরিচ্ছেদের পত্র ও তার প্রতিলিপি সঙ্গে রাখতে হবে।
একাদশ দ্বাদশে মোট ১২ হাজার ৫১৪ শূন্যপদ রয়েছে। পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী। ৪৭৮টি পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিলের পর ‘সুপ্রিম’ নির্দেশে ফের নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন। গতকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর এসএসসি মামলায় কোর্ট জানতে চেয়েছে কবে টাকা ফেরত দেবে দাগিরা। আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে তাতে পুরো নজর রাখছে আদালত। বারবার নির্দেশ দেওয়া হয়েছে, কোনও দাগি যাতে পরীক্ষায় না বসেন। এই আবহের মধ্যেই একটাই প্রশ্ন উঠছে, আগামিকালের পরীক্ষাতে কোনও দাগি বসছেন না তো?