Durga Puja Banner: ইএম বাইপাসের ধারে হোর্ডিং দেখেই ক্ষুব্ধ মমতা, ফোন করার পরই তড়িঘড়ি খোলা হল সব! – Bengali News | Mamata Banerjee asks Firhad Hakim to remove hoarding, banner from EM Bypass
কলকাতা: কলকাতা পুরনিগমের উপরে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে অবাধে লাগানো রয়েছে পুজোর হোর্ডিং। রয়েছে ফ্লেক্স এবং ব্যানারও। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে যাওয়ার পথে ওই হোর্ডিং, ফ্লেক্স এবং ব্যানার দেখেই রীতিমতো অসন্তুষ্ট হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করে দ্রুত সেই হোর্ডিং, ফ্লেক্স এবং ব্যানার খোলার নির্দেশ দেন।
সেই মতো কলকাতা পুরনিগম বুধবারই বিজ্ঞপ্তি জারি করে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে কোনও রকম ফ্লেক্স বা ব্যানার লাগানো চলবে না বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
কলকাতা পুরনিগমের অনুমোদন নেই, এমন কোনও হোর্ডিং বোর্ডও বাইপাসে থাকবে না বলে জানানো হয়েছে। পুরনিগমের বক্তব্য, এগুলি থাকলে দুর্ঘটনা ঘটতে পারে, এমনকী গতবার পুজোর সময় যে ধরনের বিপর্যয় হয়েছিল, এই একই ধরনের ঘটনাও ঘটে যেতে পারে।
এইসব তত্ত্ব দিয়ে এদিন বিজ্ঞপ্তি জারি করার পরই হোর্ডিং খোলার কাজ শুরু হয়। বিজ্ঞপ্তি জারি করার পর যদি কোনরকম হোর্ডিং বোর্ড থাকে, তাহলে যে ক্লাব বা পূজা কমিটির তত্ত্বাবধানে এগুলি লাগানো হচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে পুরনিগম। এরপরই বুধবার দেখা যায়, প্রায় সব হোর্ডিংই খুলে ফেলা হয়েছে।
পুরনিগমের বিজ্ঞাপন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “গত বছর একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই কারণে এবার বিজ্ঞপ্তি জারি করে হোর্ডিং খোলার কথা বলা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই এটা করা হয়েছে।”