চাকরি যাওয়ার ভয়, কাজ খুঁজছেন বাইজু ও পেটিএমের হাজার হাজার কর্মী – Bengali News | Nearly 13,500 Employees Of Paytm, Byju’s Looking For New Jobs Amid Company Woes: Report
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পর পেটিএম ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বাইজুর গত বছর থেকে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এই দুই সংস্থাতে কাজ করেন কয়েক হাজার করে কর্মী। কিন্তু সংস্থার অস্থিরতার জেরে এই দুই সংস্থার অনেক কর্মীই নতুন কাজের সন্ধান করছেন। এই দুই সংস্থার প্রায় সাড়ে ১৩ হাজার কর্মী কাজ খুঁজছেন বলে জানা গিয়েছে। বাইজুর প্রায় ৭ হাজার কর্মী এবং পেটিএমের সাড়ে ৬ হাজার কর্মী কাজের খোঁজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
বুধবার থেকেই পেটিএমের বিরুদ্ধ তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কোন বিষয় তদন্ত করতে হবে, তা নিয়ে ইডি-কে সূত্র দিয়েছে আরবিআই। সেই নির্দেশনা মতো পেটিএমের থেকে নথি চেয়ে পাঠিয়েছে ইডি।
কিন্তু এই সব জটিলতার মধ্যেই ওই দুই সংস্থার কর্মীদের মধ্যে কাজ হারানোর ভয় চেপে ধরছে। দুই সংস্থার ব্যবসা ধাক্কা খেতেই ছাঁটাই শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই কাজের বাজার যথেষ্ট মন্দা। তার মধ্যে কাজ হারালে চাকরি পাওয়া মুখের কথা নয়। তাই আগেভাগে চাকরি খুঁজতে শুরু করেছেন বাইজু ও পেটিএমের কর্মীরা।