Bangladeshi Infiltration: বৃষ্টি মাথায় নিয়ে রাতের অন্ধকারে কেন ভারতে ঢুকছিল বাংলাদেশ সেনার সচিব? আসলে কী বড় ছক? – Bengali News | Sheikh Hasina Govt’s Bangladesh Army official Detained by BSF while trying to infiltrate in India, What was his Motive
বনগাঁ, স্বরূপনগর: সীমান্তে অনুপ্রবেশ ক্রমাগত বেড়েই চলেছে। এবার বিএসএফের হাতে ধরা পড়লেন হাসিনা সরকারের সেনা আধিকারিক। প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশের পূর্ববর্তী সরকারের সেনাবাহিনীর সচিব। তাঁর নাম আফরুজ্জামান।
বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত ও বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে এই ঘটনা ঘটে। আফরুজ্জামান নামক ওই বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশ করার সময় হাতেনাতে ধরে বিএসএফ। জানা যায়, হাসিনা সরকারের সেনাবাহিনীর সচিব ছিলেন আফরুজ্জামান। এসিপি রংপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে ছিলেন। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেছিলেন এই উচ্চ পর্যায় আধিকারিক।
বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। ঝড়-বৃষ্টির সুযোগেই ভারত-বাংলাদেশের হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আফরুজ্জামান। তবে ভারতের মাটিতে পা রাখতেই ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাঁকে আটক করে। তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে।
রাতেই এই ঘটনা বিএসএফ ও পুলিশ যৌথভাবে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের লিখিতভাবে জানানো হয়। আফরুজ্জামানের কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। সেই সমস্ত নথি তুলে দেওয়া হয়েছে ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে। পুরো বিষয়টি ভারতের হাই কমিশনারের তরফে বাংলাদেশ হাইকমিশনারকে জানানো হয়েছে।
বাংলাদেশের ওই প্রাক্তন সচিবকে স্বরূপনগর থানায় রাখা হয়েছে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, দুই দেশের হাই কমিশনারের মধ্যে তথ্য আদান-প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ইউনূস সরকারের হাত থেকে জীবন রক্ষার করতেই বাংলাদেশে দীর্ঘ কয়েক মাস সীমান্তবর্তী এলাকায় আত্মগোপন করেছিলেন। তারপর গতকাল, শনিবার প্রাকৃতিক দুর্যোগের সুযোগে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার চেষ্টা করেন। সেই সময় বিএসএফের হাতে ধরা পড়েন।
