Operation Sindoor: জঙ্গিদের সঙ্গে আঁতাত, ফের খুলে গেল পাকিস্তানের মুখোশ – Bengali News | Pakistan’s terror nexus exposed again: top brass honour terrorist killed in Operation Sindoor
পাকিস্তান সেনার সঙ্গে জঙ্গিদের আঁতাতের ছবি ফের সামনে এল
নয়াদিল্লি ও ইসলামাবাদ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তান সেনার যোগ রয়েছে। অপারেশন সিঁদুরে নিকেশ জঙ্গিদের শেষকৃত্যে সেদেশের সেনা আধিকারিকদের উপস্থিতির ছবি তুলে ধরে বিশ্বকে প্রমাণ দিয়েছিল ভারত। আরও একবার জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সেনার আঁতাতের ছবি সামনে এল। অপারেশন সিঁদুরে নিকেশ হওয়া লস্কর-ই-তৈবার জঙ্গির কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানালেন পাকিস্তান সেনার অফিসার ও পদস্থ প্রশাসনিক আধিকারিকরা।
১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাকিস্তান সেনার লাহোর ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং (GOC) মেজর জেনারেল রাও ইমরান সরতাজ লাহোরের মুরিদকেতে লস্কর জঙ্গি মুদাসির আহমেদের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানান। তিনি ছাড়াও লস্কর ওই জঙ্গির কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানান পাকিস্তানের মন্ত্রী মালিক রশিদ আহমেদ খান, জেলা পুলিশ অফিসার কসুর মহম্মদ ইসা খান এবং ডেপুটি কমিশনার ইমরান আলি।
মুদাসির লস্করের অন্যতম শীর্ষ জঙ্গি ছিল। ১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে দিল্লিগামী ভারতীয় বিমানকে হাইজ্যাকের ঘটনায় অন্যতম অভিযুক্ত সে। ২০১৯ সালে পুলওয়ামায় CRPF জওয়ানদের কনভয়ে আত্মঘাতী হামলায়ও সে জড়িত ছিল। ওই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। ১৫ দিনের মাথায় গত ৭ মে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় জঙ্গিঘাঁটিগুলিতে আঘাত হানে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে মুদাসির ছাড়াও একাধিক লস্কর জঙ্গির মৃত্যুর হয়। তার মধ্যে অন্যতম ইউসুফ আজহার এবং আবদুল মালিক রউফ। এই ২ জঙ্গি ভারতে একাধিকবার হামলার ছক কষেছিল। গত ৭ মে জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তান সেনার একাধিক পদস্থ অফিসার এবং পাকিস্তানের পঞ্জাব প্রদেশের আইজিপিকে দেখা গিয়েছিল।
এবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে সেদেশের সেনা কর্তাকে জঙ্গির কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেল। সেই ছবি সামনে আসার পর বিতর্ক বেড়েছে। পাকিস্তান বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে যে তারা সন্ত্রাসবাদ দমনে পদক্ষেপ করছে। আর বাস্তবে জঙ্গির কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানাচ্ছে।
