দু’মিনিটের ঝড়ে লন্ডভন্ড অশোকনগর, বিদ্যুৎহীন এলাকা
ঝড়ের স্থায়ীত্ব ছিল মাত্র মাত্র দেড় থেকে দুই মিনিট। আর ওই সময়েই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হল উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরদারপাড়া এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি এবং পাড়ার ক্লাব। চোখের পলকে বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে পড়ে পাশের মাঠে। ভেঙে গিয়েছে একাধিক গাছের ডাল ট্রান্সমিটারের বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে রাস্তার পাশের একটি বাড়ির পাঁচিলের উপর। এর জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। শুক্রবার রাতের এই ঘটনার পরে অনেকেই আশ্রয় নিয়েছেন পাশের বাড়িতে।