Trump-Putin: তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর কী বললেন ট্রাম্প-পুতিন, কোন পথে ইউক্রেনের ভবিষ্যৎ – Bengali News | Donald Trump and Vladimir Putin 3 hours meet in Alaska, here is what happened
আলাস্কা: আলাস্কায় মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই মূলত বৈঠকে বসেন তাঁরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। গোটা বিশ্বের নজর ছিল সেই বৈঠকের দিকে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প ও পুতিন। তবে কোনও সাংবাদিকের প্রশ্নের উত্তর দেননি তাঁরা। এই রুদ্ধদ্বার বৈঠকের পরও ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলেই সূত্রের খবর।
আলাস্কায় অ্যাঙ্কোরেজের জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর এই প্রথমবার পুতিন আমেরিকার মাটিতে পা রাখলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনও পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাই এই বৈঠক নিয়ে আশাবাদী ছিলেন অনেকেই। সবশেষে ট্রাম্প বলেছেন, কোনও সমঝোতায় না আসা পর্যন্ত কোনও চুক্তি নয় (There is no deal until there is a deal)। ট্রাম্পের এই বক্তব্য থেকে স্পষ্ট, যে বৈঠক ফলপ্রসূ হয়নি।
যৌথ সাংবাদিক সম্মেলনের শুরুতেই এদিন পুতিন বলেন, “আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে, তা অত্যন্ত কার্যকর ছিল।” আলাস্কায় এই বৈঠকের প্রস্তাব দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানান তিনি। পুতিন বলেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য জেলেনস্কি দায়ী। তবে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত যে ইউক্রেনের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা উচিত। আশা করি কিভ এই বিষয়টিকে ইতিবাচকভাবে নেবে। পুতিন স্বীকারও করেছেন যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সম্পর্কেরও অবনতি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। তবে অবশ্যই কিছু বড় বিষয় ছিল যা নিয়ে একমত হতে পারিনি।” ট্রাম্প আরও বলেন যে তিনি ন্যাটো এবং জেলেনস্কিকে ফোন করে বৈঠক সম্পর্কে অবহিত করবেন। বৈঠকের পর পুতিন ট্রাম্পকে রাশিয়ায় যাওয়ার জন্য আমন্ত্রণও জানান, বলেন ‘পরের বার মস্কোতে’। এ কথা বলার পর ট্রাম্পও এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেন।