Street Dogs: বিষ মেশানো মাংস খাইয়ে পরপর ১২টি পথকুকুরকে হত্যা, মর্মান্তিক পরিণতিতে ফুঁসছে এলাকাবাসী – Bengali News | 12 Indian Street Dogs Poisoned to Death, Accused Flee as FIR Registered
জলপাইগুড়ি: প্রতিহিংসার আগুন কতটা ভয়াবহ হতে পারে? একটা মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য় কত দূর পর্যন্ত যেতে পারেন? এই ধরনের ঘটনা বেনজির নয়, কিন্তু এর নজিরই বা কেন তৈরি হচ্ছে, সেই নিয়েই এখন উঠছে প্রশ্ন। বিষ মেশানোর মাংস খাইয়ে ১২টি পথকুকুর নিধন। চাঞ্চল্যকর ঘটনায় ভয় ছড়িয়েছে এলাকায়।
জলপাইগুড়ির কোতওয়ালি থানার অন্তর্গত মোহিত নগর এলাকা। সেখানে এক ব্যক্তির বিরুদ্ধে উঠল পথকুকুরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, মাংসের সঙ্গে বিষ মিশিয়ে নিষ্পাপ প্রাণগুলিকে নারকীয়ভাবে হত্যা করে ওই ব্যক্তি। কিন্তু কেন এই রকম পৈশাচিক আচরণ? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তারই কোনও একটি পথকুকুরের কামড়ে প্রাণ যায় ওই অভিযুক্তের ছাগলের। তখনই প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে তার মধ্য়ে।
মৃত ছাগলের কেটে বিষ মেশানো মাংস রান্না করে এলাকার পথকুকুরগুলিকে খাইয়ে দেয় ওই অভিযুক্ত। যার জেরে মৃত্যু হয় এলাকার ১২টি কুকুরের। তবে এই ঘটনার পর থেকে এলাকা রয়েছে ওই অভিযুক্ত। ইতিমধ্য়ে গোটা ব্যাপারটা সোচ্চার হয়েছে পশু প্রেমী সংগঠন স্পোর। স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে তারা।
এদিন স্পোর-এর সদস্য গুড্ডু মণ্ডল বলেন, “বৃহস্পতিবার আমরা খবর পাই, এই এলাকায় ১৩টি মতো কুকুরকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। তবে একটা কুকুর এখনও জীবিত রয়েছে। কিন্তু বাকি কুকুরগুলির মারা গিয়েছে। আর এটা প্রথম নয়। এর আগেও এমন কাণ্ড বহুবার ঘটেছে। এবার গোটা ঘটনার প্রমাণ আমাদের হাতে রয়েছে।”
সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্য়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পরিবেশকর্মী মানেকা গান্ধীর সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের পশু-প্রেমী সংগঠনগুলি। জলপাইগুড়ির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, রাজ্য পুলিশ যাতে যথাযথ ব্যবস্থা নেন, সেই অনুরোধ করেছেন তিনি।
