কফি ছেড়ে এই ৬ ধরনের খাবার খান, কাজ করার এনার্জি ফিরবে ২ মিনিটে - Bengali News | Ditch coffee for these 6 healthy instant energy foods - 24 Ghanta Bangla News
Home

কফি ছেড়ে এই ৬ ধরনের খাবার খান, কাজ করার এনার্জি ফিরবে ২ মিনিটে – Bengali News | Ditch coffee for these 6 healthy instant energy foods

Spread the love

‘বাতাসে বইছে প্রেম’। চারিদিকে শাড়ি-পাঞ্জাবির দল। তারই মাঝে কাউকে যেতে হচ্ছে অফিস। সরস্বতী পুজোর রেশ মেটার আগেই বই-খাতা নিয়ে বসতে হচ্ছে কাউকে। সামনে যে পরীক্ষা। অফিস হোক বা পরীক্ষা, এমন প্রেমের মরশুমে পড়াশোনা বা কাজে মন বসানো বেশ চাপের। কিন্তু আপনাকে তো আপনার কাজটা সারতেই হবে। আর জন্য চাই এনার্জি। যে এনার্জি মিনিটের মধ্যে জোগাতে পারে এক কাপ কফি। অনেকেই কফি দিয়ে দিন শুরু করেন। কাজেও এনার্জি মেলে। চোখ থেকে ঘুম কাটাতে কফিই দাওয়াই। কিন্তু অতিরিক্ত কফি খাওয়ার অভ্যাস বেশিরভাগ ক্ষেত্রে ঘুম কেড়ে নেয়।

কফির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন রয়েছে, যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে অনিদ্রা, হজমের সমস্যা, ক্লান্তি ও ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয়। তখন হাজার চেষ্টা করেও আপনার চোখের প্রেমের নেশা লাগবে না। তাই কাজে এনার্জি জোগাতে এমন খাবার বেছে নিন যা স্বাস্থ্যকর। ঘুমকে এক নিমিষে উড়িয়ে কাজ করার এনার্জি জোগাবে কোন-কোন খাবারগুলো দেখে নিন।

টক দই: প্রোবায়োটিক ও প্রোটিনে ভরপুর টক দই। দিনের শুরুতে এক বাটি টক দই খেলে আপনার হজম স্বাস্থ্য ভাল থাকবে। তার সঙ্গে শরীরেও পুষ্টি মিলবে। বাদাম, বীজ কিংবা বেরিজাতীয় ফলের সঙ্গে টক দই খেলে মিলবে আরও উপকারিতা।

স্বাস্থ্যকর ফ্যাট: ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার দেখলেই নৈব নৈব চ। এই ধরনের ফ্যাট শরীরে রোগ ডেকে আনে। কিন্তু যে সব খাবারে স্বাস্থ্যকর ফ্যাট অর্থাৎ পলিআনস্যাচুরেটেড ও মনোআনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে সেগুলো স্বাস্থ্যের জন্য উপযুক্ত। তবে, এনার্জি বাড়াতে সাহায্য করে নাট বাটার। অর্থাৎ, যে মাখন বাদাম দিয়ে তৈরি। ব্রেকফাস্টে স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর পিনাট বাটার খেলে কাজে এনার্জি পাবেন।

সাইট্রাস ফল: লেবুজাতীয় ফলের মধ্যে ভিটামিন সি ও পটাশিয়াম থাকে। এগুলো দেহে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তেমনই ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। তার সঙ্গে কাজ করার এনার্জি জোগায়।

আয়রন সমৃদ্ধ খাবার: পালংশাক, বিটরুট ও বিনসের মতো সবজিতে আয়রন পাওয়া যায়। আয়রন শারীরিক ক্লান্তি দূর করতে ও ভিটামিন সি শোষণে সাহায্য করে।

ডিম: ব্রেকফাস্টে রোজ একটা করে ডিম রাখলে লাভ আপনারই। প্রোটিনে সমৃদ্ধ, অ্যামিনো অ্যাসিডে ভরপুর ডিম হল এনার্জির পাওয়ার হাউস। ডিমের মধ্যে থাকা ভিটামিন বি খাবারকে এনার্জিতে রূপান্তর করে।

ওটস: ওটস খেলে ওজন কমে, হজম ক্ষমতা বৃদ্ধি পায়। তার সঙ্গে এই খাবার আপনাকে শারীরিক এনার্জি প্রদান করে। ওটসের মধ্যে বিটা-গ্লুকানস রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং এটি আপনাকে সারাদিন ফুর্তিতে রাখে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *