ISL, Mohun Bagan: ‘ভালোবাসার’ দিনে গোয়ার বিরুদ্ধে বদলার লক্ষ্যে মোহনবাগান – Bengali News | FC Goa vs Mohun Bagan Super Giant Pandit Jawaharlal Nehru Stadium in Margao, ISL Match Preview
চ্যাম্পিয়ন টিমের খারাপ সময় আসে। আবার ঘুরে দাঁড়াতেও বেশি সময় লাগে না। সবুজ মেরুন কি তেমন কিছু করতে পারবে? এটা একদিকে প্রশ্ন হলেও, সমর্থকদের কাছে বিশ্বাস। বছর শেষ হয়েছিল আইএসএলে হারের হ্যাটট্রিক দিয়ে। মোহনবাগান প্রথম দলের একঝাঁক ফুটবলার ছিলেন না। কোচ বদল হয়েছে। একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে সবুজ মেরুন। তবে কলকাতা ডার্বিতে ড্র এবং গত ম্যাচে ঘরের মাঠে জয়, মোহনবাগানের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। তেমনই বেড়েছে তাগিদ। আজ অপরাজিত গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের প্রধান অস্ত্র হতে পারে এই তাগিদই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বারের আইএসএলে একডজন ম্যাচ খেলেছে এফসি গোয়া। এর মধ্যে ৮টি জয় এবং ৪টি ড্র। কোনও ম্যাচ না হারা একদিকে যেমন তাদের কাছে স্বস্তির, তেমনই অস্বস্তির। আত্মবিশ্বাস এক লহমায় বদলে যেতে পারে আত্মতুষ্টিতে। পয়েন্ট টেবলে গোয়ার সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান মোহনবাগানের। আজ জিতলে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে মোহনবাগান। দু-দলই সমসংখ্যক ম্যাচ খেলেছে। শীর্ষে থাকা ওডিশা এফসি ৩ ম্যাচ বেশি খেলেছে। তাদের সঙ্গে মোহনবাগানের পার্থক্য ৮ পয়েন্টের। সুতরাং, পরপর কিছু ভালো পারফরম্যান্স করলে টেবলে প্রথম দিকেই থাকবে মোহনবাগান।
মোহনবাগানকে গত ম্যাচে চিন্তায় রেখেছিল রক্ষণ ভাগ। আনোয়ার আলি ছিলেন না। একই কারণ অর্থাৎ চোটের জন্য পাওয়া যায়নি ব্রেন্ডন হ্যামিলকেও। তারপরও ক্লিনশিট রেখে জেতা মোহনবাগানের কাছে যথেষ্ট ইতিবাচক দিক। হায়দরাবাদ এফসির আক্রমণ ভাগ আর এফসি গোয়া এক নয়, তারপরও বলা যায়, গত ম্যাচের ফল কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে মোহনবাগানকে। হাবাস সদ্য দায়িত্ব নিয়েছেন। তাঁর কিছুটা সময় লাগবে। দল কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে। রিজার্ভ বেঞ্চও শক্তিশালী হচ্ছে।
আজকের দিনটা ‘ভালোবাসার’ হলেও মোহনবাগানের কাছে বদলার। বছর শেষে যে হারের হ্যাটট্রিক করেছিল মোহনবাগান। তার একটা ম্যাচ ছিল ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধেই। ১-৪ ব্যবধানে হেরেছিল মোহনবাগান। সেখান থেকে অনেক কিছুই বদলে গিয়েছে সবুজ মেরুন শিবিরে। এ বার তাই বদলার উত্তেজনায় ফুটছে সবুজ মেরুন শিবির।
এফসি গোয়া বনাম মোহনবাগান, সন্ধ্যা ৭.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং