প্রয়াত সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে বিবাদ, দিল্লি ছুটলেন করিশ্মা – Bengali News | Sanjay kapur mother and wife involved in a fight regarding his assets
বেশ কিছু দিন ধরে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর খবরের শিরোনামে। কারণ প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুর। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। যাঁর মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিনে একাধিকবার খবরের শিরোনামে আসতে দেখা গিয়েছে তাঁকে। এবার প্রসঙ্গ সম্পত্তি। শোনা যাচ্ছে সঞ্জয়ের রেখে যাওয়া ৩০,০০০ কোটি টাকার উৎসূরী নিয়ে উঠছে প্রশ্ন। সেই সুত্রেই সম্প্রতি দিল্লি বিমানবন্দরে দেখা নায়িকাকে। সঙ্গে ছিলেন তাঁর দুই সন্তান সামাইরা ও কিয়ান। প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর প্রথমবার দিল্লিতে দেখা গেল করিশ্মাকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, করিশ্মা তড়িঘড়ি করে গাড়ির দিকে এগোচ্ছেন, পিছনে সন্তানরা। নিজেকে এক প্রকার লুকিয়েই গাড়িতে উঠে গেলেন তিনি।
সঞ্জয় কপুর গত ১২ জুন যুক্তরাজ্যে এক পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, শোনা যায় এক মৌমাছির কারণে এই মৃত্যু। আর তাঁর হঠাৎ মৃত্যু ঘিরে এবার কাপুর পরিবারে এখন শুরু হয়েছে ৩০,০০০ কোটি টাকার বিশ্বব্যাপী সম্পত্তি নিয়ে উত্তরাধিকার সংক্রান্ত আইনি লড়াই। দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়, সেখানে করিশ্মা ও তাঁদের দুই সন্তানও উপস্থিত ছিলেন। তারপর আবারও তিনি দিল্লির পথে। ঠিক কী ঘটেছে?
কার হবে সোনা গ্রুপ? এই নিয়ে শুরু এবার বচসা। সঞ্জয়ের মৃত্যুর যাবতীয় সম্পত্তি ও কোম্পানির অধিকার কে পেতে চলেছেন, তা নিয়েই শুরু এবার বিবাদ। সঞ্জয়ের মা রানি কাপুর ও তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের মধ্যে শুরু হয়েছে লড়াই। রানি কাপুর দাবি করেছেন, তাঁর প্রয়াত স্বামী সুরিন্দর কাপুরের ২০১৫ সালের উইল অনুযায়ী, তিনিই কাপুর পরিবারের মূল উত্তরাধিকারী এবং সোনা গ্রুপের প্রধান শেয়ারহোল্ডার।
অন্যদিকে, সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব তাঁর ইনস্টাগ্রাম বায়ো-তে হঠাৎ করে লিখে বসেন, “নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, সোনা কমস্টার”। একই সঙ্গে নিজের নামও পরিবর্তন করে রেখেছেন প্রিয়া সঞ্জয় কাপুর, যা ঘিরে জল্পনা আরও বাড়ছে। সঞ্জয়ের মা রানি কাপুর তাঁর ছেলের মৃত্যু নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এটিকে “অত্যন্ত রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যু” বলে উল্লেখ করেছেন, যা এই পুরো ঘটনাকে আরও জটিল করে তুলছে। আর সেই সূত্রেই এবার বিস্তারিত জানতে দিল্লিতে পৌঁছলেন করিশ্মা।