Narendrapur: কুপিয়ে খুনের পর ফেলে যাওয়া হয় দেহ, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ৩ – Bengali News | Narendrapur body dumped after being hacked to death 3 arrested for murder of trinamool worker
নরেন্দ্রপুর: তৃণমূল কর্মী সুদীপ নাড়ু খুনে রহস্যভেদ। ধৃত তিন। তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
গত ৫ জুলাই নরেন্দ্রপুর থানা এলাকায় উদ্ধার হয় বিষ্ণুপুর থানার বাসিন্দা সুদীপ নাড়ুর ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধার করে দেহ। ঘটনার তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ ও জেলা পুলিশের এসওজি। যৌথভাবে তদন্তে নামে দুই বাহিনী। তদন্তে নেমে প্রথমে ধরা পড়ে সুশান্ত দাস ওরফে লাদেন, যিনি নরেন্দ্রপুর থানার নতুনহাট এলাকার বাসিন্দা। সুশান্তকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আশাদুল মন্ডল ওরফে কালোবাবুর নাম।
জানা গিয়েছে, সুদীপের সঙ্গে পুরনো শত্রুতা ছিল ধৃতদের। অভিযুক্তরা সকলেই পরিচিত দাগী আসামী। একাধিক থানায় তাদের বিরুদ্ধে খুন, ছিনতাই, হামলা-সহ একাধিক অভিযোগ রয়েছে। সুশান্ত ও আশাদুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হদিশ পায় রাজা বণিক নামে এক গাড়ি চালকের। যাকে রানাঘাট থেকে গ্রেফতার করা হয়।
নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা রাজা খুনের আগে নিজের গাড়িতে সুদীপকে নিয়ে এসেছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। খুনের পরে তার গাড়িতেই দেহ ফেলে দেওয়া হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের নেপথ্যে পরিকল্পনা কতটা গভীর, তা জানতেই পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে চায়। তদন্তে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য, মনে করছে পুলিশ মহল।
