শ্বশুর হিসেবে কেমন ছিলেন উত্তম কুমার? পুত্রবধূকে আশির্বাদ করতে গিয়ে কী বলেছিলেন… – Bengali News | How uttam kumar was as father in law of sumana know all details
পর্দার সামনে নায়ক-নায়িকারা যেমনই হোন না কেন, দর্শকদের কৌতূহল তারকাদের পর্দার পিছনের জীবন নিয়ে বরাবরের। অধিকাংশ সময়ই এই জায়গা অধরাই থেকে যায়। তেমনই অধরা ছিলেন বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমার। তাঁকে কে না পছন্দ করতেন। তেমনই একজনের নাম সুমনা। হঠাৎ একদিন এক প্রস্তাবে তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায়। উত্তম কুমারকে পছন্দ করতেন তিনিও। তবে জানতেন না, সেই মহানায়কই একদিন তাঁর দরজায় এসে দাঁড়াবেন। প্রস্তাব আনবেন ছেলের বিয়ের। সুমনার বহু শ্বশুরমশাই। ভাবা যায়! এরপর গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। গিরিশ মুখার্জি রোডের বাড়িতে বউ হয়ে আসেন সুমনা। সবটাই যেন স্বপ্ন। তবে শ্বশুরমশাই হিসেবে কেমন ছিলেন উত্তম কুমার?
আনন্দলোককে দেওয়া এক সাক্ষাৎকারে সুমনা বলেছিলেন, “শ্বশুর হিসাবে যা চেয়েছি সবই পেয়েছি ওঁর মধ্যে। কর্তব্যপরায়ণ। খোঁজ খবর নিতেন প্রতিদিন। বাড়িতে এলে আমি জিগ্যেস করতাম “বাবি, চা খাবেন?” খেতেন মাঝে মাঝে। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারতেন না সুমনা। কেমন যেন ভয়-ভয় করত-অথবা অন্য কোনও অনুভূতি,যার নাম নেই।”
বিয়ের আগেরদিনই সুমনা বুঝেছিলেন উত্তম কুমার ঠিক কতটা যত্নশীল। তাঁর বাড়িতে আশীর্বাদ করতে গিয়েছিলেন মহানায়ক। খুব স্বাভাবিকভাবেই বাড়ির সামনে উৎসুক জনতার ভিড়। বাড়ির ভিতরে অপেক্ষায় সুমনা। তাঁর মনে একরাশ অজানা উত্তেজনা সেই মুহূর্তে তোলপাড় তুলছে। সুমনা জানান, উত্তম-এলেন। সঙ্গে আরও অনেকে। সময়মতো আনা হয় সুমনা-কে। আর্শীবাদ করে মাথায় সোনার মুকুট দিয়েছিলেন শ্বশুর উত্তম। তাড়াহুড়ো করে নয়, ধীরে-ধীরে, “আহা, আস্তে, আস্তে পরাও, ওর লাগছে”-অন্যের হাত থেকে নিয়ে নিজেই তা পরিয়ে দিয়েছিলেন মাথায়। মুগ্ধ হয়েছিলেন সুমনা।