জোর করে ডিম্পলকে চুমু, ‘মদ্যপ’ বিনোদকে ছাড়াতে শোরগোল সেটে – Bengali News | When dimple kapadia get shocked after strange behavior of vinod khanna
বলিউডের ইতিহাসে অন্যতম সুদর্শন ও প্রতিভাবান অভিনেতা ছিলেন বিনোদ খান্না। ১৯৬৮ চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি, তারপর আর ফিরে তাকাতে হয়নি। ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কুরবানি’, ‘মেরা গাঁও মেরা দেশ’ সহ একের পর এক হিট সিনেমা উপহার দেন দর্শকদের। কিন্তু যখন তিনি কেরিয়ার শিখরে, তখন হঠাৎ করেই অভিনয় ছেড়ে আমেরিকায় চলে যান বিনোদ। পাঁচ বছর পর তিনি মুম্বইয়ে ফেরেন এবং অভিনয়ে পুরোদমে মন দেন।
ফিরে আসার পর বিনোদ খান্না দিন-রাত পরিশ্রম করে আবারও নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। আর সেই সময়ই ঘটে বিপত্তি। এক ছবিতে বিশেষ ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং চলছিল, যেখানে তাঁর বিপরীতে ছিলেন ডিম্পল কাপাডিয়া। পরিচালনা করছিলেন মহেশ ভাট। প্রথমে একটি সাধারণ টেক নেওয়া হয়, কিন্তু এরপর পরিচালক স্থির করেন একটি দীর্ঘ টেক নেওয়া হবে। ক্যামেরার অ্যাঙ্গেল বদল করে দূর থেকে দৃশ্যটি শুট করছিলেন মহেশ। শট শুরু হতেই বিনোদ ডিম্পলকে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকেন। পরিচালক ‘কাট’ বললেও বিনোদ তা শুনতে পাননি এবং তা চালিয়ে যেতে থাকেন।
ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে ডিম্পল কাপাডিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েন। ইউনিটের বাকিরা দ্রুত ছুটে এসে পরিস্থিতি সামাল দেন এবং ডিম্পলকে বিনোদের থেকে মুক্ত করেন। মুহূর্তে ডিম্পল মেকআপ রুমে চলে যান, স্পষ্টতই হতবাক হয়েছিলেন তিনি। মহেশ ভাট এরপর বিনোদকে ডেকে পাঠান এবং তাঁকে ডিম্পলের কাছে ক্ষমা চাইতে নির্দেশও দেন। বিনোদ জানান, দীর্ঘদিন পর এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি এমন অস্বস্তিতে পরে। তিনি মদ্যপ অবস্থায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলেই দাবি করেন। এই ঘটনায় পরিস্থিতি বেজায় জটিল হয়ে ওঠে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কাটিয়ে ওঠেন বিনোদ, ডিম্পলও সব ভুলে ক্ষমা করে দেন।