সংখ্যালঘু মোর্চার নেতার মৃত্যুতে বাড়িতে ছুটে গেলেন শুভেন্দু, পাশে থাকার আশ্বাস - 24 Ghanta Bangla News
Home

সংখ্যালঘু মোর্চার নেতার মৃত্যুতে বাড়িতে ছুটে গেলেন শুভেন্দু, পাশে থাকার আশ্বাস

Spread the love

হুগলির গোঘাটে নিহত বিজেপি নেতা বাকিবুল্লাহের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ২১ জুন সকালে বাড়ির সামনে বাকিবুল্লাহের দু’হাত বাঁধা দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে। এদিন পরিবারের সঙ্গে দেখা করে দলের তরফে ২ লক্ষ টাকা সাহায্য নিহতের স্ত্রীর হাতে তুলে দেন শুভেন্দুবাবু। নিহত বিজেপি কর্মীর ২ সন্তানের শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাসও দেন তিনি।

এদিন দুপুরে পুড়শুড়ার বিজেপি বিধায়কসহ দলের জেলা ও ব্লক নেতৃত্বকে সঙ্গে নিয়ে গোঘাট ৩ মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি বাকিবুল্লাহর বাড়িতে যান শুভেন্দুবাবু। সেখানে গিয়ে তিনি বাকিবুল্লাহের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন। শুভেন্দুবাবু বলেন, বাকিবুল্লাহ একজন জাতীয়তাবাদী ছিলেন। ২০১৮ সাল থেকে উনি আমাদের সঙ্গে যুক্ত। ওর মৃত্যু সন্দেহজনক। ওর দেহের ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। ও ফোনে শেষ কার সঙ্গে কথা বলেছিল তাও জানায়নি পুলিশ।

নিহতের স্ত্রী বলেন, ‘ওই রাতে ও ফোনে কথা বলছিল। সেদিন ফোনে কথা বলার জন্য একটা হেডফোন কিনে এনেছিল। সেটা আগে কোনও দিন দেখিনি। রাতে কেউ বিপদে পড়ে ডাকলে ও বেরিয়ে যেত। ভেবেছিলাম তেমনই কোথাও গিয়েছে। পুলিশ সুইসাউড নোট বলে যেটা দেখাচ্ছে সেটা অনেকদিন আগে লেখা। আমার সঙ্গে একদিন ঝামেলা হয়েছিল সেদিন ওটা লিখেছিল। কিন্তু কেউ সুইসাইড নোট লেখার ১ মাস পরে চরম পদক্ষেপ করবে কেন?’

এর পরই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে স্ত্রীর হাতে ২ লক্ষ টাকা তুলে দেন। ২টি সন্তানের শিক্ষার ভার দল নেবে বলে জানান তিনি। পুলিশ সঠিক তদন্ত না করলে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দুবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *