Ravindra Jadeja: চোটে নেই টিমে, পুত্রবধুর বিরুদ্ধে একরাশ অভিযোগ জাডেজার বাবার – Bengali News | Ravindra Jadeja breaks Silence On Rivaba and his Father Controversy, he says Statement Made To Tarnish My Wife’s image
কলকাতা: বাবা-মা মুখে না বললেও তাঁরা বরাবর চান যে তাঁদের ছেলে মেয়ে বড় হয়ে যেন পাশে দাঁড়ায়। আবার যখন ছেলে-মেয়ের জন্য বিরাট ত্যাগস্বীকার করতে হয় কোনও বাবা-মাকে, তখন তাঁদের প্রত্যাশা থাকে সন্তান ঠিক তাঁদের দেখবেন। সাধারণ মানুষের মতো এই ভাবনা থাকে লড়াই করে ছেলে-মেয়েকে ক্রিকেটার তৈরি করা বাবা-মায়েরও। কঠোর পরিশ্রম করে ছেলেকে ক্রিকেটার হওয়ার জন্য বরাবর সমর্থন করে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) বাবা। এ বার ভারতীয় তারকা অলরাউন্ডারের বাবা জানিয়েছেন, ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভালো নয়। আর তাঁদের সম্পর্কে তিক্ততার কারণ হিসেবে রবীন্দ্রর বাবা অনিরুদ্ধ সিং জানিয়েছেন রিভাবার (Rivaba Jadeja) কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দৈনিক ভাস্করের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে জানানো হয়েছে, ভারতীয় অলরাউন্ডারের বাবা জানিয়েছেন জাডেজার সঙ্গে এবং রিভাবার সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। জামনগরে একাই দিন কাটে জাডেজার বাবার। ছেলে তাঁকে দেখেনও না। এত বড় অভিযোগ জানার পর অবশ্য চুপ থাকেননি জাডেজা।
দৈনিক ভাস্করের ভিডিয়ো অনুযায়ী, জাডেজার বাবাকে বলতে শোনা গিয়েছে, ‘সত্যি বলতে গেলে আমার সঙ্গে রবীন্দ্র ও স্ত্রী রিভাবার কোনও সম্পর্ক নেই। আমরা ওদের ডাকি না, ওরাও আমাদের ডাকে না। ওদের বিয়ের দু-তিন মাস পর থেকেই আমাদের ঝামেলা শুরু হয়েছিল।’ বর্তমানে জামনগরে একাই থাকেন জাডেজার বাবা। তিনি বলেন, ‘রবীন্দ্র জামনগরেই থাকে। ও নিজের একটা বাংলো বানিয়েছে এবং সেখানেই আলাদা থাকে। আমি ওর সঙ্গে দেখা করতেও যাই না। জানি না ওর স্ত্রী ওর উপর কী জাদু করেছে।’
রবীন্দ্র জাডেজাকে ক্রিকেটার বানাতে কম পরিশ্রম করেননি তাঁর বাবা। সেই কষ্টের দিনগুলো মনে করে তিনি বলেন, ‘ও আমার ছেলে, এটাই যেন আমাকে এখন কষ্ট দেয়। আমি ভাবি যদি রিভাবার সঙ্গে ওর বিয়ে না দিতাম, ভালো হত। আবার মনে হয় যদি ওকে ক্রিকেটার না বানাতাম, তা হলে ভালো হত। হয়তো এমন দিনটা দেখতে হত না।’