বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যয়, হাওড়া পুরসভাকে জরিমানার নির্দেশ পরিবেশ আদালতের - 24 Ghanta Bangla News
Home

বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যয়, হাওড়া পুরসভাকে জরিমানার নির্দেশ পরিবেশ আদালতের

Spread the love

হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যয়ের ঘটনায় বিপাকে পড়ল হাওড়া পুরসভা। জরিমানা আরোপ করার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিধিনিষেধ লঙ্ঘন করার দায়ে এই নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ইস্টার্ন জোন বেঞ্চের। একইসঙ্গে, আগামী শুনানিতে হাওড়া পুরসভার কমিশনার বন্দনা পোখরিওয়ালকে সশরীরে হাজির থাকতে বলেছে আদালত।

আরও পড়ুন: নিকাশি ব্যবস্থার ক্ষতি বেলগাছিয়ায় নিয়ন্ত্রিতভাবে জল সরবরাহ করবে পুরসভা

গত ২০ মার্চ বেলগাছিয়া ভাগাড়ে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে। ভূমিধসের কবলে পড়ে ভাগাড় সংলগ্ন এলাকা। দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ মেট্রিক টন বর্জ্য জমে থাকায় তার চাপে ভাগাড় লাগোয়া বস্তি এলাকায় ফাটল তৈরি হয়। তা রফলে সরিয়ে দেওয়া হয় শতাধিক পরিবারকে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। রাজ্য সরকারের গাফিলতির বিরুদ্ধে সরব হন বিরোধীরা। চাপে পড়ে ভাগাড় সংলগ্ন বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করে সরকার। এর পাশাপাশি ওই ভাগাড়ে আবর্জনা ফেলাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। তার পরিবর্তে বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়।

এদিকে, এই ঘটনার পরেই জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। সেই মামলায় পরিবেশ আদালতের নির্দেশে বেলগাছিয়া এলাকা পরিদর্শনে যান তিনি। রিপোর্টে জানান, ২০১৬ সালের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস সম্পূর্ণ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সেখানে অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলা হয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতেই ২৯ মে মামলার শুনানিতে পরিবেশ আদালত হাওড়া পুরসভার বিরুদ্ধে কড়া অবস্থান নেয়।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এই জরিমানার অঙ্ক নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের নির্দেশ, পরিবেশগত ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী জরিমানা ধার্য করতে হবে। এর দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। আগামী ১৮ অগস্ট মামলার পরবর্তী শুনানি। ওইদিন হাওড়া পুরসভার কমিশনার ছাড়াও রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *