ট্রাফিক সিগন্যালে যুবকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ
ট্রাফিক সিগন্যালে সোনার চেন ছিনতাই
আলিপুর এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা এক যুবকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রায় লাখ টাকা মূল্যের সোনার চেন ছিনতাই করেছে বলে অভিযোগ। রবিবার, এই নিয়ে ওয়াটগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আলিপুর থানা এলাকার অরফানগঞ্জের বাসিন্দা অমিত নাগ। অভিযোগে পুলিশকে অমিত জানিয়েছেন, সম্প্রতি সেন্ট থমাস স্কুলের কাছে একটি দোকান থেকে বার্থডে কেক কিনে, মনসা তলার দিকে যাচ্ছিলেন তিনি। কিছুটা যাওয়ার পরে ট্র্যাফিক সিগন্যালে মোটরবাইক দাঁড় করিয়েছিলেন। তখনই এক দুষ্কৃতী হঠাৎ তাঁর কাছে এসে গলায় ছোট ধারালো ছুরি ঠেকায়। অভিযোগ, ওই দুষ্কৃতী গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দেয়। এর পরেই তাঁর গলা থেকে প্রায় ৭ গ্রাম ওজনের সোনার চেন ছিনিয়ে নিয়ে নিজের জিন্সের পকেটে ঢুকিয়ে চম্পট দেয়। অমিতের অভিযোগ, চিৎকার করলে গলা কেটে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। তাঁর উপর হামলার চেষ্টা করাও হয়। তবে কোনও রকমে মোটর বাইক স্টার্ট দিয়ে,সেখান থেকে পালিয়ে যান তিনি।
এই অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।