হাস্যরসের অন্তরালেও থাকে সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা - 24 Ghanta Bangla News
Home

হাস্যরসের অন্তরালেও থাকে সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা

Spread the love

গৌতম হালদারের নতুন নাটক ‘আধুলি’। শুরুতেই নড়েচড়ে বসলেন দর্শকরা। আরে, মঞ্চে তো আমাদের আম-জনতার কথা বলছে ওরা। অবলীলায়। ‘… দেশলাই কাঠির বাজারে আগুন লেগেছে। দেশলাই কারখানায় কিংবা দেশলাইয়ের গুদামে কিন্তু আগুন লাগেনি। আগুন লেগেছে দেশলাই কাঠির দামে। এক ধাক্কায় দেশলাই কাঠির দাম দ্বিগুণ হয়ে গিয়েছে।’

কয়েক দশক আগেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সাবলীল ভাবে তুলে ধরেছেন, কী ভাবে ব্যবসায়ীরা কালোবাজারির সাহায্যে মানুষের দুর্দিনেও মুনাফা লুটে নেয়। এমনিতেই সমাজের বিভিন্ন সঙ্কটময় পরিস্থিতিতে দেখা গিয়েছে, যখন সাধারণ মানুষ দু’মুঠো খাবারের জন্য হাহাকার করছেন, তখন কিছু মানুষের হাতে অঢেল টাকা ঢুকছে। তারা উপার্জন করছে না, বরং মুনাফা লুটছে। এমন পরিস্থিতিতে দেখা গেল বাজারে লাইটারের বিক্রি ব্যাপক ভাবে বেড়ে যায়। অন্য দিকে, ছোট ব্যবসায়ী ভুলু দত্তের মতো মানুষকে বহন করতে হয় বিপুল ক্ষতির বোঝা। শহরাঞ্চলের মানুষ যখন দেশলাই কাঠির পরিবর্তে সিগারেট লাইটার ব্যবহার করতে শুরু করলেন, তখন গ্রামাঞ্চলের মানুষ বাধ্য হয়ে দেশলাই কাঠির পরিবর্তে চকমকি পাথর ব্যবহার করতে শুরু করে দিলেন। চকমকি পাথর ব্যবহার করার জন্য প্রয়োজন হয় একটি ইস্পাতের টুকরো, যা তৈরি করে কামার। ফলে স্থানীয় কামার মদনের ব্যবসাও বেশ রমরমিয়ে ওঠে। এ ভাবেই গ্রামের প্রায় প্রত্যেকেই, এমনকী ভুলু দত্তও চকমকি পাথর সংগ্রহ করতে শুরু করে দেয়। একদিন এই গল্পের মূল চরিত্র ভুলু দত্ত একটি অদ্ভুত চকমকি পাথরের সন্ধান পেয়ে যায়। পাথরটি দেখে এবং পরীক্ষা করে তার মনে হয়েছিল, এটি হয়তো কোনও মূল্যবান রত্ন, এমনকী হিরেও হতে পারে। আর ঠিক এখান থেকেই শুরু হয়ে যায় ভুলু দত্তের লোভের কাহিনি।

‘নয়ে নাটুয়া’র উপস্থাপনায় এই নাটকের নাট্যকার, নির্দেশক ও মূল অভিনেতা হলেন গৌতম হালদার। আবারও তিনি দর্শকদের মাতিয়ে দিলেন এই প্রযোজনায়। তাঁর মতে, এই হাস্যরসের অন্তরালে অত্যন্ত সূক্ষ্ম ভাবে বোনা হয়েছে সমাজ ও রাজনীতি সম্পর্কে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং সমকালীন বাস্তবতার এক গভীর চিত্র। তিনি বলেন, ‘আমরা জন্মলগ্ন থেকেই প্রত্যক্ষ করে চলেছি— অসংখ্য রাজনৈতিক পালাবদল সত্ত্বেও মূল্যবৃদ্ধি, মূল্যহ্রাস এবং নানাবিধ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিকূলতা কী ভাবে আমাদের অস্তিত্বকে ক্রমশ যন্ত্রণাদায়ক ও দুর্বিষহ করে তুলেছে। আজও আমরা দেখতে পাই, বাজারে প্রায় প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া। গল্পের সূচনাও এমনই এক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। কিন্তু সেই যন্ত্রণাদায়ক বাস্তবতাকেই লেখক উপস্থাপন করেছেন হাস্যরসের মোড়কে।’ এই নাটক যেন দাঁড় করিয়ে দিল এক চিরাচরিত সত্য ও বিবেকের দোরগোড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *