Papiya Adhikari: ‘দাপুটে অভিনেত্রীকে খাঁচায় বন্দি রেখেছিলেন!’, শ্যামাপ্রসাদের মায়ের চরিত্রে সুযোগ পেয়ে বিস্ফোরক পাপিয়া | Papiya Adhikari Role as Syama Prasad Mookerjee Mother in The Great Mukherjee Patriot - 24 Ghanta Bangla News
Home

Papiya Adhikari: ‘দাপুটে অভিনেত্রীকে খাঁচায় বন্দি রেখেছিলেন!’, শ্যামাপ্রসাদের মায়ের চরিত্রে সুযোগ পেয়ে বিস্ফোরক পাপিয়া | Papiya Adhikari Role as Syama Prasad Mookerjee Mother in The Great Mukherjee Patriot

Spread the love

Papiya Adhikari: ‘দাপুটে অভিনেত্রীকে খাঁচায় বন্দি রেখেছিলেন!’, শ্যামাপ্রসাদের মায়ের চরিত্রে সুযোগ পেয়ে বিস্ফোরক পাপিয়া

কী বলেছেন তিনি?Image Credit: tv9 network & Facebook

দেবী দুর্গার রূপে দর্শকদের মন জয়ের পর এবার বড়পর্দায় এক ঐতিহাসিক চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেত্রী তথা টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। ‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’ ছবিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যোগমায়া দেবীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। আর সেই ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই বিস্ফোরক মেজাজে ক্যামেরার সামনে ধরা দিলেন পাপিয়া। টলিউডের একাংশ থেকে শুরু করে রাজ্যের রাজনীতি ও শিক্ষাব্যবস্থা- সব ইস্যুতেই সংবাদ মাধ্যমের কাছে সরাসরি তোপ দাগলেন তিনি।

কী বলেছেন তিনি?

দীর্ঘদিন পর এমন একটি শক্তিশালী চরিত্রে সুযোগ পেয়ে আক্ষেপের সুর শোনা গেল পাপিয়ার গলায়। সরাসরি অভিযোগ তুলে তিনি বলেন, “এতদিন দাপুটে অভিনেত্রীকে আপনারা বেঁধে রেখেছিলেন, আটকে রেখেছিলেন, খাঁচায় বন্দি করে রেখেছিলেন। এইবার বাইরে থেকে আসা মানুষেরা আমাকে এমন চরিত্র দিচ্ছেন। আপনারা পিছিয়ে থাকবেন না।” আশি বছরের ঊর্ধ্বে এক ‘রত্নগর্ভা’ মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে বয়স কোনও বাধা হয়ে দাঁড়িয়েছে কি না, সেই প্রশ্নেও স্পষ্ট জবাব তাঁর। পাপিয়ার কথায়, “আমি ওসব নিয়ে ভাবি না। আমি অ্যাক্টর। যেকোনও কঠিন রোল- আমি তো এমন অফার আরও অনেক চাই, আমাকে দেওয়া হোক।”

ছবির প্রেক্ষাপট ও জওহরলাল নেহরুকে শ্যামাপ্রসাদের লেখা একটি চিঠির প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন বিধায়ক। তিনি জানান, ওই চিঠির কথা ভাবলে বা বললে আজও তাঁর চোখে জল চলে আসে। উল্লেখ্য, এর আগে ‘নবদুর্গা: মাতৃরূপেণ সংস্থিতা’ ছবিতে মহামায়ার রূপে দেখা গিয়েছিল পাপিয়াকে। এবার রঞ্জিত শর্মার পরিচালনা ও প্রযোজনায় তৈরি ‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’ ছবিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (নাম ভূমিকায় মহম্মদ রশিদ ইকবাল) মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।

কথার রেশ ধরেই রাজ্যের পূর্ববর্তী শাসকদের নিশানা করেন পাপিয়া। আগের জমানায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে এমন ছবি তৈরি সম্ভব হত কি না, সেই প্রশ্নে তাঁর সাফ জবাব, “প্রথম কথা, ছবিটা হতই না। আটকে রাখা হত। আর যাঁরা করতেন, তাঁদের জন্য অন্য শাস্তি থাকত। ভাবাই যায় না! কিছু মূর্খ মানুষ রাজত্ব চালাচ্ছিলেন। সেই মূর্খ মানুষ থাকলে বাংলার আসল ইতিহাস মানুষ জানত কী করে?”

বর্তমান স্কুলগুলোর বেহাল দশা নিয়েও সরব হন তিনি। স্কুলগুলোতে ছাত্র ও শিক্ষকের অভাব এবং শিক্ষকদের মার খাওয়ার প্রসঙ্গ টেনে পাপিয়ার তীর্যক মন্তব্য, “আসলে মানুষকে শিক্ষাটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে তো মানুষ এগোতে পারবে না। তাই এগোতে যদি না পারে, তাহলে তারা চুরি করবেন কী করে? সবটাই ইন্টারকানেক্টেড, সেই জন্যই পড়াশোনাটা করতে দেওয়া হয়নি এতদিন।” তবে এই ছবির মাধ্যমে মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে প্রকৃত সত্য জানতে পারবেন বলে আশাবাদী তিনি। সংবাদমাধ্যের কাছে কমিউনিস্টদেরও একহাত নেন পাপিয়া। তাঁর কটাক্ষ, “কমিউনিস্ট মানে কী? কমিউনিটির পাশে যাঁরা দাঁড়ান, তাঁরা তো কোনওদিন কমিউনিটির পাশে দাঁড়াননি। তাঁরা নিজেদের পাশে দাঁড়িয়েছেন। এখন যে সমস্ত কথা বলেন, আমার খুব অবাক লাগে। মানুষগুলো বদলাতে বদলাতে একেবারে অ্যাবসোলিউটলি মেটামরফোজড হয়ে আমার চোখের সামনে ধরা দিচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *