Fulkopi Curry: ফুলকপির ডালনা খেয়ে বিরক্ত? জাস্ট এই ২ উপকরণে আনুন রাজকীয় স্বাদ | Winter Market Occupied by Cauliflower: Add Two Secret Ingredients to Make Biye Bari Style Alu Fulkopir Dalna
কীভাবে বানাবেন?Image Credit: AI Tool
শীতের হালকা আমেজ পড়তেই রাজ্যের সব বাজার একাই দখল করে নিয়েছে টাটকা ফুলকপি। থলে হাতে বাজারে গেলেই চারদিকে শুধু সাদা আর সবুজের মেলা! কিন্তু সত্যি করে বলুন তো, বাড়ির হেঁশেলে সেই রোজকার একঘেয়ে ঝোল আর ভাজা খেতে আর কি ভালো লাগে? পাতে একই পদ দেখে বাড়ির ছোট থেকে বড়, সবারই নিশ্চয়ই মুখ ভার? চিন্তা নেই, আজ আপনার রান্নাঘরে ছোট্ট একটা ম্যাজিক হয়ে যাক! সাধারণ এই সবজিতেই লুকিয়ে আছে বিয়েবাড়ির মতো রাজকীয় স্বাদ। শুধু রান্নায় মেশাতে হবে দুটি বিশেষ জিনিস। সেই গোপন চমকেই তৈরি হবে জিভে জল আনা আলু ফুলকপির ডালনা (Alu Fulkopir Dalna)। গরম ধোঁয়া ওঠা ভাত হোক বা ফুলকো লুচি, এই একটি পদ থাকলে পাতে আর কিচ্ছু লাগবে না!
কী সেই গোপন চমক? আর কী কী লাগবে?
স্বাদ বদলানোর আসল জাদু লুকিয়ে আছে ৩০ গ্রাম পোস্ত আর ১০-১৫টি কাজুবাদামে। এই দুটি জিনিসই সাধারণ তরকারিকে একদম অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে দেবে। এছাড়া হাতের কাছে রাখুন ২টি ছোট মাপের ফুলকপি, মাঝারি টুকরো করে কাটা আলু আর ১ বাটি সেদ্ধ কড়াইশুঁটি। বাটা মশলার জন্য লাগবে আদার টুকরো, ৫-৬টি কাঁচা লঙ্কা, দেড় চা চামচ গোটা জিরে, পেঁয়াজ বাটা ও টমেটো বাটা। সঙ্গে নিন সাদা তেল, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কী কী করবেন?
প্রথমেই ফুলকপিগুলো কেটে নুন জলে ভিজিয়ে রাখুন। এতে ভেতরের পোকামাকড় সহজেই বেরিয়ে যাবে। এবার মিক্সিতে আদার টুকরো, ৫-৬টি কাঁচা লঙ্কা, দেড় চা চামচ গোটা জিরে আর সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিন। অন্যদিকে, একটি বাটিতে ৩০ গ্রাম পোস্ত আর ১০-১৫টি কাজু জলে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। নরম হলে এগুলোও ব্লেন্ডারে মিহি করে বেটে নিতে হবে।
কড়াইতে সাদা তেল গরম করে আলুর টুকরোগুলো দিন। সামান্য নুন ও হলুদ ছড়িয়ে একদম কম আঁচে হালকা ভাজুন। আলু একটু লালচে হলেই ফুলকপিগুলো ছেড়ে দিন। ঘড়ি ধরে ৭ থেকে ৮ মিনিট ভেজে সবজিগুলো তুলে রাখুন।
এবার ওই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে হালকা নাড়ুন। এরপর আদা, কাঁচা লঙ্কা ও জিরের বাটা দিয়ে ভালো করে মেশান। আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে রাখুন যতক্ষণ না মশলা কষে তেল ছাড়ছে। তেল ছাড়লে স্বাদমতো নুন, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ১ চা চামচ ধনে গুঁড়ো দিন। এরপর টমেটো বাটা ঢেলে আরও ৫-৬ মিনিট কষিয়ে নিন।
মশলা সুন্দর কষে গেলে আসল চমক অর্থাৎ কাজু ও পোস্ত বাটা দিয়ে ভালো করে মেশান। কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণমতো জল দিন। ঝোল ফুটলে সেদ্ধ কড়াইশুঁটিগুলো ছেড়ে দিন। ঝোল ভালোমতো ফুটে উঠলে ভাজা আলু আর ফুলকপি দিয়ে দিন। ব্যস! কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপির ডালনা।