রবীন্দ্র ভবনের সংস্কার-উদ্যোগ
মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে কালিম্পংয়ের গ্রাহাম মেমোরিয়াল চার্চ—ঐতিহাসিক স্থাপত্যের সংস্কার ও সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেবে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শন করেন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তিনি কালিম্পংয়ের গ্রাহামস হোমস প্রাঙ্গণে অবস্থিত ক্যাথরিন গ্রাহাম মেমোরিয়াল চ্যাপেল, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গৌরীপুর হাউস এবং মংপুর রবীন্দ্র ভবন ও ঐতিহাসিক সিঙ্কোনা বাগান ঘুরে দেখেন। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণ এবং পুনরুদ্ধারের পাশাপাশি পর্যটনের প্রসারও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।