মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, ফ্রি-তে কোথায় লাইভ দেখবেন কলকাতা ডার্বি?
রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মেগা ম্যাচ। মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বি নিয়ে উন্মাদনার পারদ চড়ছে দুই দলের সমর্থকদের মধ্যে। এক দিকে খেতাব ধরে রাখার লড়াইয়ে এখনও ছন্দ খুঁজছে গত মরশুমের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। অন্য দিকে, দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান। ছ’টি ম্যাচের মধ্যে টানা পাঁচটিতে জিতে লিগ টেব্লের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। অনুকূলে রয়েছে পরিসংখ্যানও। ISL-এ এখনও পর্যন্ত একটা ডার্বিতেও জেতেনি ইস্টবেঙ্গল। রবিবার তাই প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ ব্রিগেড। কখন শুরু ম্যাচ? ফ্রি-তে কোথায় লাইভ দেখবেন? জেনে নিন বিশদে।
দুই দলের আপডেট
মোহনবাগান ও ইস্টবেঙ্গল— দুই দলই ভুগছে চোট-আঘাতজনিত সমস্যায়। ইস্টবেঙ্গলের হয়ে নেই ক্রিস্টোফার ইকনোমিডিস, এডমুন্ড লালরিনডিকা এবং আনোয়ার আলি। অন্য দিকে মোহনবাগান পাবে না দুই অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ ও মিগুয়েল ফিগুয়েরাকে। ফলে দল সাজানো নিয়ে চাপে থাকবেন দুই দলের কোচই। তবে নায়ক হয়ে ওঠার সুযোগ থাকছে দুই দলের ভারতীয় প্লেয়ারদের কাছেই। নজর থাকবে সন্দীপ মান্ডি, ডেভিড, মনবীর সিং, সুহেল আহমেদ ভাটদের উপরে। দুই দলের বিদেশিদের মধ্যে নজরে থাকবেন দ্রাজ়িচ, লোবা, রশিদ, আলবার্তোরা।
কী বলছে পরিসংখ্যান?
গত মরশুমে ISL জিতলেও এখনও পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। দুই দলের মধ্যে হওয়া ১১টি ISL ম্যাচের মধ্যে ন’টিতে জিতেছে মোহনবাগান। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। রবিবার প্রথম জয়ের খোঁজে নামবে ইস্টবেঙ্গল। তবে ডার্বির আগে লাল-হলুদ ব্রিগেডকে আত্মবিশ্বাস জোগাতে পারে চলতি বছরের ডুরান্ড কাপ ফাইনাল। মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। আন্তনিও লোপেজ় হাবাসের কাছেও এই ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ। অতীতে ISL-এ মোহনবাগানের দায়িত্ব সামলেছেন স্প্যানিশ কোচ। এ বার ইস্টবেঙ্গলের ডাগআউটে তিনি।
ফ্রি-তে কোথায় লাইভ দেখবেন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ?
টেলিভিশনে সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ। SonyLiv অ্যাপেও দেখা যাবে খেলা। তবে ফ্রি-তেও দেখতে পারবেন কলকাতা ডার্বি। ISL-এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং।
কখন শুরু ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি?
রবিবার কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে কলকাতা ডার্বি। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু ম্যাচ।