বাংলাদেশ থেকে পুরোপুরি মুখ ফেরাচ্ছে সব বড় ব্র্যান্ডই?
এই সময়: বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে রেডিমেড পোশাকের নামী আন্তর্জাতিক সব ব্র্যান্ড কি এ বার বরাত দেওয়া শুরু করল ভারত-সহ এশিয়ার অন্য কয়েকটি দেশকে? একাধিক সংবাদমাধ্যমের দাবি তেমনটাই। বাংলাদেশ থেকে বাতিল বরাতের সিংহভাগই নাকি পাচ্ছে ভারত! বরাত পাচ্ছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামও। শ্রমিক অসন্তোষ, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, বিদ্যুৎ ও জ্বালানির সঙ্কট এবং খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একাধিক আন্তর্জাতিক পোশাক সংস্থা। তাদের মধ্যে রয়েছে জ়ারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) এবং সেলিও। রয়টার্সের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। তৈরি পোশাকের রপ্তানিতে চিনের পরেই বাংলাদেশের স্থান। এই শিল্প সে দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই শিল্প থেকে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর হিসাব অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের জেরে ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। যদিও ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, গত প্রায় দু’বছর ধরে চলতে থাকা অচলাবস্থার কারণেই বাংলাদেশের উপর থেকে ভরসা প্রায় ফর্সা হয়ে গিয়েছে ওই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির। জ়ারা-র মালিক সংস্থা ইন্ডিটেক্স এই বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম এবং সেলিও-ও কোনও মন্তব্য করেনি।